২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মিছিলের পর ছাত্রলীগের ৭ কর্মী গ্রেপ্তার

সরকারের বিরুদ্ধে মশাল মিছিল করেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ কর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 08:55 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

চট্টগ্রামে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মশাল মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নগরীর ‘পোর্ট কানেক্টিং রোড’ থেকে সোমবার রাতে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন বন্দর থানার ওসি মো. আফতাব উদ্দিন।

গ্রেপ্তার ছাত্রলীগ কর্মীরা হলেন- মো. ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) ও মইন উদ্দিন (৩০)।

ওসি আফতাব উদ্দিন বলেন, “যুবলীগ নেতা আসিফ মাহমুদের ব্যানার নিয়ে ‘নিষিদ্ধ’ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা মিছিল বের করে। তারা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে বড়পুল মোড় থেকে পোর্ট কানেক্টিং সড়কে সরকারবিরোধী স্লোগান দিয়ে মশাল মিছিল করে।”

সেসময় ধাওয়া করে সাতজনকে গ্রেপ্তারের কথা বলেন ওসি।