আন্দোলনে সহিংসতা: চট্টগ্রামে ৩৮০ নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ বিএনপির
চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার হওয়া ৪০ জনসহ গত ১২ দিনে শহরে ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় চট্টগ্রাম নগরীতে পুলিশের অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ৩৮০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলী বলেন, প্রতিদিন তাদের দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশ গিয়ে হয়রানি করছে। বিভিন্ন স্তরের নেতাকর্মীদের গ্রেপ্তার করে বিভিন্ন মামলায় আসামি করা হচ্ছে।
“গত ১২ দিনে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ৩৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।”
শনিবার রাতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ নগর যুবদলের সহ-সভাপতি আব্দুল করিমকে ও চান্দগাঁও থানা পুলিশ থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোবারক হোসেনসহ অন্তত ১০ জনকে গ্রেপ্তার করেছে বলে ইদ্রিস আলীর দাবি।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের চলমান আন্দোলনে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘাতের পর পরিস্থিতি পাল্টে যায়। পরদিন চট্টগ্রামে পুলিশ-ছাত্রলীগ ও আন্দোলনকারীদের সংঘর্ষে এক ছাত্রদল নেতাসহ তিন জনের মৃত্যু হয়।
ওই দিন চট্টগ্রামের তিনজনসহ সারা দেশে মোট ছয় জনের মৃত্যুর খবর আসে।
এর প্রতিক্রিয়ায় ১৮ জুলাই সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা হয়, সেদিন মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরাও। গোটা দেশে নানা গুজব ছড়িয়ে পড়ে, এর মধ্যে বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় সম্পদে হামলা শুরু হয়। প্রাণহানির সংখ্যাও বাড়তে থাকে।
ওই দিন চট্টগ্রাম নগরীতেও মৃত্যুর ঘটনা ঘটে। বহদ্দারহাট এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের।
ঘটনারদিন দুই জন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনসহ তিন জনের মৃত্যু হয়। পরদিনও বহদ্দারহাট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশের সাথে। আন্দরকিল্লা, কাজীর দেউড়ি, চেরাগী পাহাড়, নন্দনকানন এলাকায়ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়ে আসছে সাধারণ শিক্ষার্থীদের আড়ালে আন্দোলনে জামায়াত-বিএনপি কর্মীরা ঢুকে পড়ায় বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় গত ১২ দিনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় ২০টি মামলা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া ৪০ জনসহ ১২ দিনে শহরে ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
