Published : 21 Jun 2026, 10:07 PM
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন আয়োজিত যোগ অনুশীলনে অংশ নিলেন বিভিন্ন শ্রেণি-পেশার ৮ শতাধিক মানুষ।
রোববার সন্ধ্যায় টাইগার পাস এলাকায় নৌবাহিনী কনভেনশন সেন্টারে চট্টগ্রামের যোগব্যায়াম উৎসাহীদের সঙ্গে নিয়ে যোগ অনুশীলনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষকরা যোগ অনুশীলন পরিচালনা করেন।

অনুষ্ঠানের উদ্বোধনীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, “যোগব্যায়াম শুধু শরীরচর্চা নয়, এটি একটি জীবনদর্শন। শরীর ও মনের মধ্যে সেতুবন্ধন তৈরির পাশাপাশি যোগব্যায়াম আত্মিক শান্তি ও মানসিক ভারসাম্য রক্ষায় সহায়ক।
“করোনাভাইরাস আমাদের শিখিয়েছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক প্রশান্তি কতটা জরুরি। যোগচর্চা এই দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত যোগব্যায়াম মানুষকে ভেতর থেকে সুস্থ রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায়।”

ভারতের সহকারী হাই কমিশনার হারীশ কুমার অনুষ্ঠানে বলেন, “যোগ একটি প্রাচীন অনুশীলন, যার অর্থ হলো যুক্ত হওয়া বা একত্রিত হওয়া। এটি দেহ, মন এবং শ্বাস-প্রশ্বাসের মধ্যে সমন্বয় সাধন করে এবং মানুষের সামগ্রিক সুস্থতা অর্জনে সহায়তা করে।”
প্রতি বছর ২১ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। ভারতের উদ্যোগে জাতিসংঘ ২০১৪ সালে এই দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।