১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সীতাকুণ্ডে কারখানার চাল ভেঙে ২ শ্রমিক নিহত

ঘটনার সময় ওই শ্রমিকরা প্রতিষ্ঠানটির চালার শেডে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন।

সীতাকুণ্ডে কারখানার চাল ভেঙে ২ শ্রমিক নিহত
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 11:13 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কারখানার টিনশেডের চালা ভেঙে দুই শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের বক্তারপাড়া বেড়িবাঁধ এলাকায় ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের একটি ‘ডাস্ট প্রসেসিং’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন– লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নিশ্চিন্তপুর গ্রামের মো. ফারুক (৪০) ও কুমিল্লার লাঙ্গলকোট থানার তালিবাড়ি এলাকার মো. জহির (৩৫)। 

ঘটনার সময় তারা প্রতিষ্ঠানটির চালার শেডে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। 

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, দুপুরে কারখানাটির চালায় অ্যাঙ্গেল দিয়ে তৈরি শেড মেরামতের কাজ চলছিল। হঠাৎ করে পুরো শেড ভেঙে পড়ে। এ সময় শেডের ওপরে কর্মরত দুই শ্রমিক নিচে চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

স্থানীয় সাংবাদিকরা দুর্ঘটনার পর বেড়িবাঁধ এলাকায় ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ কারখানায় গিয়ে প্রধান ফটকে তালা ঝুলতে দেখতে পান। তারা কোনো কর্মকর্তাকেও পাননি।