২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে সহিংসতা: চট্টগ্রামে ২৩ মামলা, আসামি প্রায় ৭ হাজার

এখন পর্যন্ত ৬৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2024, 08:27 PM

Updated : 26 Aug 2026, 10:03 AM

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চট্টগ্রামে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় নগরীতে আরও ১২টিসহ মোট ২৩টি মামলা হয়েছে।

নগরীর চান্দগাঁও, পাঁচলাইশ, কোতোয়ালী, বাকলিয়া ও খুলশী থানায় পুলিশ, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান, আহত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা এসব মামলা করেন।

অপরদিকে জেলার হাটহাজারী, পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া, সীতাকুণ্ড, ফটিকছিড়ি, ভুজপুর, মিরসরাই ও জোরারগঞ্জ থানায় ১১টি মামলা হয়েছে।

এসব মামলায় অন্তত সাত হাজার জনকে আসামি করা হয়েছে। যাদের মধ্যে ৬৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত চান্দগাঁও, বাকলিয়া, কোতোয়ালী থানা এলাকায় সংঘর্ষের ঘটনায় এবং পাঁচলাইশ থানায় ১২টি মামলা হয়েছে।

এর আগে গত ১৬ জুলাই ষোলশহর থেকে মুরাদপুর এলাকায় ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও তিনজন নিহতের ঘটনায় চারটি মামলা হয়েছিল।

১৬ জুলাইয়ের ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা, দাঙ্গার ঘটনায় একটি; পুলিশের ওপর হামলা, বিষ্ফোরক ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার ঘটনায় একটিসহ তিনটি এবং খুলশী থানায় আলাদা একটিসহ মোট চারটি মামলা হয়েছিল। এসব মামলায় মোট সাড়ে ছয় হাজার জনকে আসামি করা হয়েছিল।

অতিরিক্ত উপ-কমিশনার তারেক আজিজ জানান, সর্বশেষ মামলা হয়েছে চান্দগাঁও থানায় মঙ্গলবার রাতে। গত বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর ও হত্যা চেষ্টার ঘটনায় কর্তপক্ষ মামলাটি করেছে।

এ মামলায় অজ্ঞাত ৫০০-৭০০ জনকে আসামি করা হয়েছে।

গত ১৮ জুলাই কোটা বিরোধী আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের প্রথমদিন বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় পুলিশের সাথে সংঘর্ঘের ঘটনা ঘটে।

বাকলিয়া থানার ওসি আফতাব হোসাইন পরদিন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, পুলিশের কর্তক্যকাজে বাঁধা, ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ৮০০-৯০০ জনকে আসামি করে পুলিশ মামলা করেছে।

ঘটনার পর আটক হওয়া আট জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

একই দিন চান্দগাঁও এলাকায় পুলিশ-বিজিবি’র সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনার সময় দুই জনের মৃত্যু ও চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন বহদ্দারহাট ও মোহরা এলাকায় পুলিশের সাথে সংঘর্ষের আলাদা ঘটনা ঘটে।

শনিবার চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, বৃহস্পতিবার বহদ্দারহাট এলাকায় দাঙ্গা, হত্যার ঘটনায় একটি, বিষ্ফোরক ও পুলিশের কাজে বাঁধা দেয়ার ঘটনায় আলাদা দুইটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া শুক্রবার মোহরা এলাকায় সংঘর্ষের ঘটনায় আলাদা একটি মামলায় হয়েছে এ মামলায় অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে শুক্রবার জুমা’র নামাজের পর আন্দরকিল্লা জামে মসজিদ থেকে একটি মিছিল বের হয় এবং লালদিঘী মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর নিউ মার্কেট তিনপুল হয়ে বিক্ষিপ্তভাবে শেষ হয়। এছাড়া কাজীর দেউড়ি এলাকা থেকে মিছিল বের করে বিএনপি।

মিছিলগুলো থেকে বিভিন্ন এলাকায় ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। মিছিলকারীরা নিউ মার্কেট, কাজীর দেউড়ি ট্রাফিক পুলিশ বক্স, জামালখান এলাকায় বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাংচুর করে।

কোতোয়ালী থানার ওসি কেএম ওবায়দুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবারের ঘটনায় সন্ত্রাস বিরোধী, বিষ্ফোরক, বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাংচুর ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় চারটি মামলা হয়েছে।

এসব মামলায় অজ্ঞাত চার থেকে পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আজিজ জানান, সহিংসতার ঘটনায় বুধবার পর্যন্ত বিভিন্ন মামলায় ৩৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়াসহ বিভিন্ন ঘটনায় চট্টগ্রাম জেলার ১০টি থানায় মোট ১১টি মামলা হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিআরটিসি বাস ডিপোতে অগ্নিসংযোগের ঘটনায় হাটহাজারী থানায় দুইটিসহ মোট ১১টি মামলা হয়েছে।

এসব মামলায় ২৯৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।