১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টিসিবির ‘নিয়ন্ত্রণ হারানো’ ট্রাকে প্রাণ গেল একজনের

“ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নামছিল। তখন মানুষজনের হুড়োহুড়ির মধ্যে রণজিত মাটিতে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়,” বলেন ওসি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 08:26 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রাজা পুকুর লেইন এলাকায় টিসিবির পণ্য বিক্রির ট্রাকে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় নিহত রণজিত কর্মকার (৭৫) রাজা পুকুর লেইন এলাকার বাসিন্দা। তিনি নগরীর হাজারী গলিতে একটি সোনার দোকানের কারিগর ছিলেন। 

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার রাশেদা এন্টারপ্রাইজের ট্রাকটি বেলা সাড়ে ১২টার দিকে রাজা পুকুর লেইনে প্রবেশ করে। ওই লেনের সড়কটির শেষ প্রান্ত পাহাড়ি ও উঁচু। 

ট্রাকের অপেক্ষায় আগে থেকে সেখানে প্রায়ে একশ নারী-পুরুষ দাঁড়িয়ে ছিলেন। ট্রাক সেখানে পৌঁছানোর পর লাইনে থাকা লোকজন হুড়োহুড়ি শুরু করেন। সেসময় রণজিত কর্মকার বাসা থেকে বের হয়ে হেঁটে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। 

স্থানীয়রা জানান, সড়কের শেষ প্রান্তের উঁচু অংশে পৌঁছার আগেই ট্রাকটি ঢাল দিয়ে উল্টো দিকে নামতে শুরু করে। তখন লোকজনের হুড়োহুড়িতে রণজিত কর্মকার মাটিতে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছার ৩০ মিনিট পর তিনি মারা যান। 

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিসিবির পণ্য বিক্রি করা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নামছিল। এসময় মানুষজনের হুড়োহুড়ির মধ্যে রণজিত কর্মকার মাটিতে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। 

“ওই ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার সিদ্ধান্ত জানালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” 

নগরীর বিভিন্ন পয়েন্টে নির্ধারিত দিনে টিসিবির পণ্য নিয়ে বিভিন্ন ডিলারের ছোট আকারের ট্রাক আসে। বেশির ভাগ সময়ই এসব ট্রাক আসে কয়েক ঘণ্টা দেরিতে। 

পণ্য কিনতে আসা লোকজনকে ঘণ্টার পর ঘণ্টা ট্রাকের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর ট্রাক এলেই তারা একে অন্যের আগে পণ্য কিনতে হুড়োহুড়ি শুরু করে দেন।