২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

হিজড়া নেতার লাশ: ‘চাহিদা মত টাকা না পেয়ে খুন’, বলছে পুলিশ

পুলিশ বলছে, লাশ উদ্ধারের দিন মৌসুমীর ‘বাসা থেকে বের হয়েছিলেন’ মোমিন নামে এক যুবক।

হিজড়া নেতার লাশ: ‘চাহিদা মত টাকা না পেয়ে খুন’, বলছে পুলিশ
গ্রেপ্তার মো. মোমিন ওরফে শেখ রনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 07:39 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

চট্টগ্রামে মৌসুমী নামে এক হিজড়া নেতার লাশ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ বলছে, ‘৫ হাজার টাকা চেয়ে পুরোটা না পেয়ে’ তাকে খুন করা হয়।

সোমবার নগরীর সাগরিকা এলাকা থেকে মো. মোমিন ওরফে শেখ রনি (৩৪) নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

মৌসুমীর লাশ উদ্ধারের দিন ‘মোমিন তার বাসা থেকে বের হয়েছিলেন’ বলে পুলিশের ভাষ্য।

তদন্ত কর্মকর্তা ও খুলশী থানার এসআই গোলাম মো. নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোমিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় হলেও থাকতেন নগরীর সাগরিকা পাঠান পাড়া এলাকায় ফাল্গুনী নামে এক হিজড়ার বাড়িতে। ফাল্গুনীর ‘স্বামী’ হিসেবে তিনি পরিচিত ছিলেন।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমিন জানিয়েছেন, ফাল্গুনী হিজড়ার সঙ্গে থাকলেও মৌসুমী হিজড়ার সঙ্গে তার ‘অনৈতিক সম্পর্ক’ ছিল। বিভিন্ন সময়ে তারা বাসায় যাওয়া-আসা করতেন এবং টাকা পয়সা আনতেন।”

মোমিনকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, মোমিন ‘জুয়া আসক্ত’ ছিলেন। শুক্রবার রাতে তিনি মৌসুমী হিজড়ার ‘বাসায় গিয়েছিলেন’ এবং ‘পাঁচ হাজার টাকা চান’। কিন্তু মৌসুমী হিজড়া তাকে দেড় হাজার টাকা দিয়েছিলেন। তখন মৌসুমী হিজড়া উপুড় হয়ে শোয়া অবস্থায় ‘একটি প্যান্ট গলায় পেঁচিয়ে’ টান দেন মোমিন।

পুলিশের ভাষ্য, মোমিনের দাবি, তিনি ‘খুন করার জন্য’ গলায় প্যান্ট পেঁচিয়ে টান দেয়নি। মৌসুমী মারা গেছেন, সেটিও ‘জানতেন না’।

চট্টগ্রামের খুলশী থানার আমবাগান শহীদ মিনার কলোনির বাসা থেকে শনিবার মৌসুমী হিজড়ার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একদল হিজড়ার কাছে ‘গুরুমা’ হিসেবে পরিচিত। 

লাশ উদ্ধারের পর পুলিশ বলেছিল, সকালে মৌসুমীর শিষ্যরা বাসায় গেলে গেইট বাইরে থেকে বন্ধ দেখে ভেতরে প্রবেশ করেন। এরপর বিছানায় উপুড় হয়ে শোয়া দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

মৌসুমীর গলায় ‘একটি কালো দাগ’ থাকলেও তিনি হত্যার শিকার হয়েছেন নাকি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করতে ময়নাতদন্ত প্রতিবেদন এবং বাসা থেকে বের হওয়া যুবকের সন্ধান দরকার বলে জানিয়েছিলেন খুলশী থানার ওসি আব্দুর রহিম।

মৌসুমীর লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা রুস্তম আলী রোববার খুলশী থানায় হত্যা মামলা করেন। অচেনা ব্যক্তিদের আসামি করা হয় সেখানে।

পুলিশ বলছে, মৌসুমী হিজড়ার প্রকৃত নাম মহসিন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মুনপুর গ্রামে। নগরীর আমবাগান শহীদ মিনার কলোনিতে একা থাকতেন।

আরও পড়ুন

হিজড়া নেতার মৃত্যুঘর থেকে বের হওয়া যুবকের সন্ধানে পুলিশ