২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপারেশন মদুনাঘাট সাব স্টেশন: ‘দ্বিতীয় গোলায় সবকিছু অন্ধকার হয়ে যায়’

মুক্তিযুদ্ধে চট্টগ্রাম নগরীতে গেরিলা যুদ্ধের স্মৃতিচারণ করলেন শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী।

অপারেশন মদুনাঘাট সাব স্টেশন: ‘দ্বিতীয় গোলায় সবকিছু অন্ধকার হয়ে যায়’
শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী।

উত্তম সেন গুপ্ত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 11:28 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে চট্টগ্রামে যে কয়েকটি বড় অপারেশন হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল মদুনাঘাটে বৈদ্যুতিক সাব স্টেশন ধ্বংসের অভিযান। 

ওই সময় কাপ্তাই জলবিদ্যুৎ থেকে উৎপাদিত বিদ্যুৎ একমাত্র এ সাব স্টেশনের মাধ্যমে বিতরণ করা হতো। 

এ সাব স্টেশন অপারেশনে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে নিহত হন মান্নান নামে এক বীর মুক্তিযোদ্ধা। পরে তাকে বীরবিক্রম উপাধি দেওয়া হয়। 

১৯৭১ সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে এ সাব স্টেশন ধ্বংসের নেতৃত্ব দেন ফ্লাইট লেফটেন্যান্ট সুলতান মাহমুদ। 

মুক্তিযোদ্ধাদের সফল ওই অভিযানে যুক্ত ছিলেন চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী। 

তিনি ওই সময়ে ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর নবীন সৈনিক। মুক্তিযুদ্ধ শুরুর পর দেশের টানে পাকিস্তান থেকে চলে আসেন দেশে; যোগ দেন মুক্তিযুদ্ধে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে সম্প্রতি আলাপে শাহাবুদ্দিন আহমেদ বললেন মদুনাঘাট সাব স্টেশনে অভিযানের ঘটনা, ২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরুর পর করাচিতে বিমান ঘাঁটিতে বাঙালি সদস্যদের অবস্থা এবং পাকিস্তান থেকে দেশে ফেরার গল্প। 

১৯৬৯ সালে খুলনা বিএল কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে পাকিস্তান এয়ার ফোর্সে যোগ দিয়েছিলেন শাহাবুদ্দিন আহমেদ। 

সেখানে চাকরির দুই বছরের মধ্যেই শুরু হয় মুক্তিযুদ্ধ। মার্চে যুদ্ধ শুরুর পর জুনের প্রথম সপ্তাহে ছুটি নিয়ে দেশে ফিরে আসেন। পরে চলে যান মুক্তিযুদ্ধে। 

মুক্তিযুদ্ধ শুরুর পর পাকিস্তানের করাচিতে মাসরুর বিমান ঘাঁটির পরিস্থিতি জানিয়ে শাহাবুদ্দিন আহমেদ বলেন, ২৬ মার্চ পোশাক পরে কাজে যোগ দিতে যাওয়ার পর টেকিনিক্যাল এরিয়াতে ‘আউট অব বাউন্ড ফর ইস্ট পাকিস্তানি’ লেখা সাইনবোর্ড দেখতে পাই। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পাকিস্তানি সেটা দেখিয়ে কোনো বাঙালিকে সেদিন কাজে যোগ দিতে দেয়নি।

“পরিস্থিতি এতটাই গুমোট ছিল যে আমরা বিষয়টি নিয়ে কারো সঙ্গে কোনো কথাও বলতে পারছিলাম না। সবার মধ্যে আতঙ্ক, বিকালে আমাদের ব্যারাকের চারপাশ অস্ত্রধারী সৈন্যরা ঘিরে ফেলল। আমরা হয়ে গেলাম নজরবন্দি।”

বিবিসি ও আকাশবানীর মাধ্যমে দেশের পরিস্থিতি কিছুটা জানতে পারার কথা তুলে ধরে তিনি বলেন, পরদিন সন্ধ্যায় বিবিসিতে শুনতে পাই সেনাবাহিনীর একজন তরুণ মেজর বিদ্রোহ ঘোষণা করেছে। নিজেকে সামরিক বিদ্রোহের নেতা হিসেবে ঘোষণা করেছেন। 

এ মুক্তিযোদ্ধা বলেন, ওই সময় বাঙালি সৈনিক ও কর্মকর্তারা ‘নজরবন্দি’ ছিলেন। তাদের কোনো কাজ করতে দেয়া হতো না। এসময় করাচিতে থাকা বিভিন্ন বাঙালি অফিসার পাকিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করে ধরা পড়েছিলেন। এ ধরনের খবর পেয়ে ঘাঁটিতে থাকা অফিসার ও সৈনিকরা আরও বিপদগ্রস্থ হয়ে পড়েছিলেন।

মে মাসের দিকে উপকূলীয় অঞ্চলে ঘুর্ণিঝড়ের খবর দেখে দেশে আসার ছুটি চেয়েছিলেন জানিয়ে শাহাবুদ্দিন জানালেন, জুন মাসে তার ছুটি মঞ্জুর হয়। তখন তিনি দেশে ফিরে আসেন। 

মদুনাঘাট সাব স্টেশনের সাম্প্রতিক ছবি।

মদুনাঘাট সাব স্টেশনের সাম্প্রতিক ছবি।

দেশে ফিরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কথা জানিয়ে সাহাবুদ্দিন বলেন, চট্টগ্রামের কাট্টলীতে বাসায় থাকাকালীন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের চেষ্টা করেন এবং ১৪ জুন বাসা থেকে বের হয়ে যান মুক্তিযুদ্ধে অংশ নিতে। সঙ্গে ছিলেন সার্জেন্ট নুরুল হক নামে এক সহকর্মী। 

“রাত ১০টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে নৌকা করে রওনা করলাম। নৌকায় কোনো বৈঠা ছিল না। শুধু পাল তোলা ছিল। কিন্তু সেটা মীরসরাই যাওয়ার পরিবর্তে চলে গেলে সন্দ্বীপ। সেখান থেকে আবার ঘুরিয়ে মিরসরাই চলে আসি। সেখানে গিয়ে মোশাররফ ভাইয়ের (আওয়ামী লীগ সরকারের গণপূর্ত মন্ত্রী) বাড়িতে উঠেছিলাম। সেখান থেকে বৃষ্টিতে ভিজে ফেনী নদীর কাছে গেলাম। সেখান থেকে পার হয়ে ত্রিপুরায় হরিণা ক্যাম্পে গিয়ে পৌঁছাই। সেখানে আমার ও সার্জেন্ট নুরুল হকের সঙ্গে মেজর রফিক (১ নম্বর সেক্টর কমান্ডার) দীর্ঘক্ষণ কথা বলে কাগজপত্র পূরণ করতে দেন।”

মদুনাঘাট সাব স্টেশনে হামলার পরিকল্পনা যেভাবে

শাহাবুদ্দিন বললেন, “ক্যাম্পে কয়েক দিন অবস্থান করার পর মেজর রফিককে বললাম আমাদের দেশে পাঠিয়ে দেন যুদ্ধ করতে। একদিন সন্ধ্যায় আমাদের ডেকে তিনি চট্টগ্রামে একটা অপারেশন করার কথা বললেন। উনি একটা ম্যাপ খুলে সেখানে দেখালেন, ইস্টার্ন রিফাইনারির অবস্থান। যুদ্ধে শত্রুর ফুয়েল সাপ্লাই বন্ধ করা গেলে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে যাবে। একপাশে নৌবাহিনীর ঘাটিঁ, একপাশে লোকালয় দেখালেন। 

“মেজরের ব্রিফিংয়ের পরে উনাকে অপারেশন পরবর্তী ক্ষয়ক্ষতি বিবেচনায় তাকে মদুনাঘাট সাব স্টেশন দেখিয়ে সেটাকে টার্গেট করার কথা বলি। সেটা শুনে ফ্লাইট লেফটেন্যান্ট সুলতান মাহমুদ বলে উঠলেন ‘আইডিয়া ভালো’।”

মেজর রফিক বিষয়টি নিয়ে আর কারো সঙ্গে আলোচনা করতে নিষেধ করে দিয়েছিলেন জানিয়ে শাহাবুদ্দিন বলেন, “পরদিন আবার আমাদের ডাকলেন। জানালেন, সদর দপ্তর থেকে মদুনাঘাট সাব স্টেশনে হামলার বিষয়টি সম্মতি দিয়েছে। একজন সুবেদারের মাধ্যমে আমাকে ও সার্জেন্ট নুরুল হককে অস্ত্রাগারে পাঠালেন; কিছু অস্ত্রের বিষয়ে ধারণা দিলেন। 

“কারণ আমরা যেসব অস্ত্র পরিচালনা শিখেছিলাম, সেগুলো আমেরিকার তৈরি; আর যুদ্ধে ব্যবহৃত অস্ত্রগুলো রাশিয়ার তৈরি।” 

শাহাবুদ্দিন বলেন, দুই দিন পর অস্ত্র ও ৩০০ টাকা করে দিয়ে একটি ট্রাক্টরে তুলে দিয়েছিলেন রামগড় সীমান্তের উদ্দেশে। 

সেখানে আবার ফ্লাইট লেফটেন্যান্ট সুলতান মাহমুদের দেখা হয়। তিনি ছিলেন এ অপারেশনের নেতৃত্বে। সেখানে হাটহাজারী, কাটিরহাট, নাজিরহাট গ্রুপে ছাত্রলীগ নেতা মহসিনের নেতৃত্বে একটা দল ছিল। 

শাহাবুদ্দিন বলেন, কয়েক দিন পর তারা ফটিকছড়ি ও রাউজান হয়ে হাটহাজারীর মাদার্শা এলাকায় এসে পৌঁছান।

“সেখান থেকে আমাকে ও সার্জেন্ট নুরুল হককে সাব স্টেশন রেকি করার দায়িত্ব দিয়েছিল। আমরা রেকি করে অবস্থান জানালাম। সব মিলিয়ে আমাদের অপারেশন প্রস্তুতি নেওয়া হল।” 

ঠিক করে তারিখটা স্মরণ করতে না পারলেও শাহাবুদ্দিনের ধারণা, সেদিন ছিল শবে বরাত। 

“সবকিছু সেরে আমরা রাতে নৌকা নিয়ে রওনা করলাম রাউজান থেকে। ক্যাপ্টেন করিমের নেতৃত্বে একটা দল ছিল। সবাই সমন্বয় করে প্রায় ৩০ জনের মত এ অপারেশনে জড়িত ছিলাম।”

শাহাবুদ্দিন বলেন, “সবকিছু মিলে ভোরের আলো যখন ফুটছিল, আমরা আক্রমণ শুরু করি। দুইটা শেলিং হয়েছিল। সেকেন্ড শেলিংয়ে সবকিছু অন্ধকার হয়ে যায়। এসময় দুই পক্ষের গোলাগুলিতে সেখানে আমাদের সহযোদ্ধা মান্নান গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। পরে তিনি মারা যান। তিনি বীরবিক্রম উপাধি পেয়েছিলেন।

“সফল অপারেশনের পর একটি নৌকায় আমাদের দলনেতা সুলতান মাহমুদ আহত মান্নানকে নিয়ে একটি নৌকায় করে চলে গেলেন। আমাকে ও নুরুল হককে শেল ও অস্ত্রগুলো লুকিয়ে রাখার দায়িত্ব দিল। আমরা অস্ত্রগুলো নিয়ে একটি বাড়িতে গেলাম। তারা স্বতস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করেছিল।” 

শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী তার লেখা ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহর ও অপারেশন মদুনাঘাট সাব-স্টেশন’ বইয়ের প্রচ্ছদ।

শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী তার লেখা ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহর ও অপারেশন মদুনাঘাট সাব-স্টেশন’ বইয়ের প্রচ্ছদ।

মদুনাঘাটে সফল অভিযানের পর কয়েক দিন বাসায় গিয়ে অবস্থান করার কথা জানিয়ে এ মুক্তিযোদ্ধা বলেন, তিনি আবার গিয়েছিলেন হরিণা ক্যাম্পে। সেখানে দেখা হয় সাবেক সংসদ ডা. ফয়েজের সঙ্গে।

“তিনি আমাকে গেরিলা দল নিয়ে আবার চট্টগ্রাম শহরে যেতে বলেন। যেহেতু লেখাপড়ার কারণে আমি বেশির ভাগ সময় ঢাকা ও খুলনায় ছিলাম, সেহেতু চট্টগ্রাম শহর আমার পরিচিত ছিল না।”

মেজর রফিক নগরীর মাদারবাড়ির বাসিন্দা লোকমান গণিকে সঙ্গে দিয়ে একটি দল গঠন করে দিলেন। ডা. ফয়েজ চট্টগ্রাম শহরে সমন্বয়কের দায়িত্ব দিয়ে ইংরেজিতে একটি চিঠি লিখে সই করে দিয়েছিলেন। 

“আমাকে গ্রুপ কমান্ডার ও লোকমান গণিকে ডেপুটি করে ৩০ জনের একটি গ্রুপ ঠিক করে দিলেন। গ্রুপের ক্রমিক নম্বর দেওয়া হলো ‘চট্টগ্রাম শহর ১৩৭ এফএফ গ্রুপ’। সেখান থেকে আমরা সাবরুম ক্যাম্প হয়ে চট্টগ্রামের বাঁশবাড়িয়াতে একটা শেল্টার হোম ছিল, সেখানে এলাম।”

তিনি বলেন, “সেখানে চট্টগ্রাম শহর থেকে ডা. মাহফুজ ও ইঞ্জিনিয়ার হারুন এলেন। আমাদের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে সবাই একমত পোষণ করে গ্রুপ গ্রুপ করে শহরের দিকে চলে যাই।” 

শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী তার লেখা ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহর ও অপারেশন মদুনাঘাট সাব-স্টেশন’ বইতে লিখেছেন, প্রকৌশলী আফছার উদ্দিনের নেতৃত্বে একটি দল চট্টগ্রাম শহরে আসে। তার নেতৃত্বে চট্টগ্রাম শহরে এফএফ এবং বিএলএফ গ্রুপ কমান্ডারদের সমন্বয়ে সার্বিক যুদ্ধ পরিকল্পনার জন্য একটি ‘শহর হাই কমান্ড’ গঠন করা হয়েছিল। ছয় সদস্যের এ কমান্ডে ছিলেন প্রকৌশলী আফছার উদ্দিন, কমান্ডার শাহাবুদ্দিন, মৌলভী সৈয়দ, ডা. মাহফুজুর রহমান, প্রকৌশলী মো. হারুন ও ডা. জাফর। 

হাই কমান্ডের সভায় চট্টগ্রাম শহরে সমন্বিত একটি গেরিলা অপারেশন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তিনটি থানা অর্থাৎ ডবলমুরিং, কোতোয়ালী ও পাঁচলাইশ থানাধীন সিটি গেইট থেকে অক্সিজেন পর্যন্ত সমস্ত এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার ও পেট্রোলপাম্পে হামলার সিদ্ধান্ত হয়। 

তিনি বলেন, “আমাদের কাছে একটা বার্তা ছিল, যা করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। সে হিসাবে ওই দিন ভোর রাতে এ অপারেশন করা হয়।”

বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের আক্ষেপ, ‘রাজনৈতিক দেউলিয়াত্বের’ কারণে মুক্তিযুদ্ধের ৫৪ বছর পর এসেও অনেক মুক্তিযোদ্ধাকে অবমাননা করা হচ্ছে। 

পরবর্তী প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধকে যথাযথভাবে উপস্থাপন করতে না পারায় এ পরিস্থিতি হয়েছে বলেও মনে করেন তিনি।