স্তন ক্যান্সার সচেতনতা: চট্টগ্রামে ৭৫০ নারীকে স্তন পরীক্ষার প্রশিক্ষণ
মাসব্যাপী সচেতনতা কর্মসূচিতে বেসরকারি পিজিএস হাসপাতাল ৪৫১ নারীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে।
স্তন ক্যান্সার সচেতনতার অংশ হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের সহায়তায় সাড়ে সাতশ নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মাসব্যাপী কর্মসূচির আওতায় বেসরকারি হাসপাতাল সিএসসিআর এবং পোস্ট গ্র্যাজুয়েট র্সাজন একাডেমিয়া (পিজিএস) তাদের প্রশিক্ষণ দিয়েছে।
এ সময়ে বেসরকারি হাসপাতালটি ৪৫১ নারীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে এবং এদের মধ্যে ১২ জনের মধ্যে স্তন ক্যান্সার শনাক্ত হয়েছে। এ নারীদের মধ্যে চারজনের অস্ত্রোপচার হয়েছে।
কর্মসূচির সমাপনী উপলক্ষে শনিবার একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, গত একমাস ধরে স্তন ক্যান্সার সচেতনতায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নারী পুলিশসহ অসংখ্য ছাত্রী-শিক্ষিকাদের নিয়ে সচেতনতামূলক সভা ও নিজে নিজে স্তন পরীক্ষার বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সিএসসিআর এর পক্ষ থেকে বলা হয়, তাদের অভিজ্ঞ শল্য চিকিৎসকদের তত্ত্বাবধানে বিনামূল্যে রোগীদের পরামর্শ দেওয়া হয়েছে, ৫০ শতাংশ ছাড়ে গুরুত্বপূর্ণ রোগ নিরূপণের পরীক্ষা করানো হয়েছে।
পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এ কে আজাদ বলেন, চট্টগ্রামে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সুনির্দিষ্ট সংখ্যা জানা না থাকলেও এ সময়ে ৪৫১ জনকে দেখে ১২ জনের শনাক্ত হওয়া উদ্বেগের বিষয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসসিআর এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, অধ্যাপক মো. মনজুরুল ইসলাম. ডা. এস এম তারেক, ডা. একরামুল হক, ডা. কাজী আইনুল হক, চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক সাকেরা বেগম, সহকারী অধ্যাপক সায়েরা বানু শিউলী।
