২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যারা দেশকে অশান্ত করতে চায়, তাদের রাজনৈতিক দল বলা ‘কঠিন’: খসরু

“শেখ হাসিনা তো অন্তত ডামি-টামি করে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। আর এরা বলতেছে, ইলেকশনে যাওয়ারই দরকার নেই।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 11:40 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

যারা নির্বাচন বাধাগ্রস্ত করে গণতন্ত্র ধ্বংস করতে চায়, তাদের রাজনৈতিক দল বলাটা ‘কঠিন’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

রোববার সন্ধ্যায় নগরীর এলজিইডি মিলনায়তনে এক স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি। 

কোনো দল বা নেতার নাম উল্লেখ না করে আমীর খসরু বলেন, “নির্বাচন ও গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, অস্থিরতা সৃষ্টির মাধ্যমে দেশকে একটা অশান্ত রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, তাদের তো আসলে রাজনৈতিক দল হিসেবে বিবেচিত করা কঠিন! আপনি রাজনৈতিক দল হলে নির্বাচনে যেতে চাইবেন না, নির্বাচন করতে দিবেন না, নির্বাচনে যেতে দিবেন না, তাহলে আপনি প্রেসার গ্রুপের কাজ করেন। 

“প্রেসার গ্রুপেরও একটা দায়িত্ব আছে তো। আপনি প্রেসার গ্রুপের কাজ করেন, আর যারা রাজনীতি করতে চায় তারা রাজনীতি করুক। আর এ প্রক্রিয়া তো শেখ হাসিনারই কথা হয়ে যায়। এখন এরা তো বলছে ইলেকশনেরই দরকার নেই।” 

দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রয়াত আবদুল্লাহ আল নোমানের স্মরণে এ সভা আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। 

আমীর খসরু বলেন, “শেখ হাসিনা তো অন্তত ডামি-টামি করে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। আর এরা বলতেছে ইলেকশনে যাওয়ারই দরকার নেই। মানে ইলেকশনের প্রক্রিয়াও হতে পারবে না। 

“তাহলে এরা কি কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে পারে? এরা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি নয়? এরা কি জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার বিপক্ষের শক্তি নয়? তাহলে আমাদের কি করতে হবে? সহনশীলতার মাধ্যমে, পরস্পরের প্রতি সম্মানবোধ রেখে বিএনপির রাজনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে।”

বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “যে নতুন স্বপ্ন দেশের মানুষ দেখছে, সেই স্বপ্ন বিএনপিকে দেখাতে হবে; যেটা তারেক রহমান দেখাচ্ছে। ওনার কথাগুলো খেয়াল করবেন, তারেক রহমান কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না। তিনি বিএনপির কথাগুলো বলছেন, উনার কথাগুলো বলছেন।”

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। 

সভায় আবদুল্লাহ আল নোমানের রাজনৈতিক জীবনের প্রশংসা করে আমীর খসরু বলেন, “নোমান ভাই ছিলেন মাঠের রাজনীতিবিদ। পর্যায়ক্রমে উঠে আসা নেতা। নেতাকর্মীদের সঙ্গে কাজ করার মাধ্যমে তাদেরকে নেতৃত্ব দিয়ে, সুসময়ে-দুঃসময়ে তাদের পাশে থেকে দেশ-জাতির খেদমত করা, দলকে সমুন্নত রাখা, আন্দোলনে-সংগ্রামে ভয়ভীতি উপেক্ষা করে নেতৃত্ব দেওয়া, দেশের উন্নয়নে কাজ করা; যেটা একজন রাজনীতিবিদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। বাংলাদেশে এখন নোমান ভাইয়ের মত নেতা খুবই কম।”