যানজট ও হকার সমস্যা দূর করতে ‘আন্ডারগ্রাউন্ড মার্কেট’ হবে: মেয়র শাহাদাত
“ইপিজেড, আগ্রাবাদ, বহদ্দারহাট ও স্টেশন রোড এলাকায় এ ধরনের মার্কেট করা যেতে পারে,” বলেন তিনি।
যানজট ও হকার সমস্যা সমাধানে চট্টগ্রাম নগরীর চারটি পয়েন্টে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট গড়ে তোলার কথা বলেছেন সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।
বুধবার সকালে নগরীর টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির (সিএলসিসি) সভায় মেয়র এ পরিকল্পনার কথা জানান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
সভায় মেয়র বলেন, “ফুটপাত দখল করে হকার ব্যবসা পরিচালনার ফলে নগরে যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এই সমস্যা নিরসনে পরিকল্পিতভাবে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট স্থাপন করা হবে।
মেয়র শাহাদাত হোসেন বলেন, “বিভিন্ন দেশে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট ব্যবস্থা নগরীর যানজট ও হকার সমস্যায় কার্যকর সমাধান দিয়েছে। চট্টগ্রামেও এই মডেল বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে।
“হকার সমস্যা সমাধানে নগরের গুরুত্বপূর্ণ চারটি পয়েন্টে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট গড়ে তোলার বিষয়ে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। ইপিজেড, আগ্রাবাদ, বহদ্দারহাট ও স্টেশন রোড এলাকায় এ ধরনের মার্কেট নির্মাণ করা যেতে পারে। এছাড়া চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে খালি জায়গায় হকারদের জন্য ভূমি বরাদ্দের চেষ্টা চলছে।”
সভায় সিএলসিসি’র সদস্যরা নগরীতে মশা বাড়ার কথা জানিয়ে এর প্রতিকারে নগরীর ৪১টি ওয়ার্ডে একই দিনে সমন্বিতভাবে ক্রাশ প্রোগ্রাম পরিচালনার প্রস্তাব করেন।
এই প্রস্তাবে সম্মতি জানিয়ে মেয়র বলেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ কার্যকর হলে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম আরও জোরদার হবে।
সভায় অন্যদের মধ্যে সিএলসিসির সদস্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান ও মো. তৈয়ব, সাংবাদিক জাহিদুল করিম কচি, মোহাম্মদ শাহনওয়াজ, কানিজ কাউসার চৌধুরী, মেয়রের উপদেষ্টা শাহরিয়ার খালেদ ও এমআর মনজু উপস্থিত ছিলেন।
