সীতাকুণ্ডে ট্রাক উল্টে নিহত ২
নিহতরা দুজনই পানচাষী, পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে তাদের বাড়ি।
চট্টগ্রামে পান বোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।
সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- কমল চৌধুরী (৫৩) ও সুমন চৌধুরী (৫৪)। দুজনই পানচাষী, পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে তাদের বাড়ি।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আবদুল মোমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাকটি পান নিয়ে পটিয়া হাইদগাঁও থেকে মিরসরাই মিঠাছড়া বাজারে যাচ্ছিল। বাঁশবাড়িয়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়।”
হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
