২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোগল আমলের মসজিদে এক কাতারে ইফতার

মোগলদের চট্টগ্রাম বিজয়ের স্মারক হিসেবে ৩৫৯ বছর আগে নির্মাণ হয়েছিল আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।

মোগল আমলের মসজিদে এক কাতারে ইফতার
চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি মোগল আমলে স্থাপিত। গত ২৫ বছর ধরে এই মসজিদে গণ-ইফতারের আয়োজন করা হয়। দৈনিক তিন থেকে চার হাজার মানুষ একসাথে ইফতার করেন।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2026, 09:10 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

বিকেল হতেই দলে দলে মানুষ আসতে থাকেন মসজিদে। সবাই বসে পড়েন সারিবদ্ধভাবে। একপাশে স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা চলতে থাকে। 

গত ২৫ বছর ধরে রমজান মাসের ৩০দিন এমন আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদে। 

এক কাতারে ধনী-গরিব, বৃদ্ধ-শিশু, জাতি-ধর্ম নির্বিশেষে সবাই শামিল হন এই ইফতারের আয়োজনে। 

বৃহস্পতিবার প্রথম রোজার বিকালে আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখা গেল, মসজিদের মূল ভবনের সামনের খোলা প্রাঙ্গনে সামিয়ানা টাঙানো। 

আছরের নামাজ শেষে সেখানে সারিবদ্ধভাবে বসছেন সব বয়সী মানুষ। তাদের জন্য ইফতারের আয়োজন করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। 

আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিবের ব্যক্তিগত সহকারী মো. হাসান মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মসজিদের বর্তমান খতিব মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী ১৯৯৬ সালে এই পদে যোগ দেয়ার পর থেকে মক্কা-মদিনার আদালে ইফতার আয়োজনের উদ্যোগ নেন। 

রমজান মাসে প্রতিদিন এই আয়োজন করা হয়। ইফতার রান্না ও খাবার পরিবেশনে যুক্ত থাকেন ৪০ জন।

রমজান মাসে প্রতিদিন এই আয়োজন করা হয়। ইফতার রান্না ও খাবার পরিবেশনে যুক্ত থাকেন ৪০ জন।

“২০০১ সালে ছোট পরিসরে এই আয়োজন শুরু হয়। ২০০৫ সালে পুরোদমে শুরু হয় এই আয়োজন। আমাদের ১০জন বাবুর্চি প্রতিদিন ইফতারের সব উপকরণ রান্না করেন। জোহরের নামাজের পর ইসলামিক স্কলাররা আলোচনা করেন। আছরের পর থেকে আয়োজনের প্রস্তুতি শুরু হয়।”

মসজিদ প্রাঙ্গন ঘুরে দেখা যায়, স্বেচ্ছাসেবকরা বড় বড় থালায় ছোলা, মুড়ি, বেগুনি, পেঁয়াজু, খেজুরসহ নানা উপকরণ সাজিয়ে দিচ্ছেন। রোজাদারদের জন্য করা হচ্ছে শরবতের ব্যবস্থা। 

ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সমবেতদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয় ইফতার সামগ্রী সাজানো থালা। 

মো. হাসান মুরাদ বলেন, “এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। আমাদের এই মসজিদের আশেপাশে অনেক ভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস ও ব্যবসা আছে। তারাও অনেকে আসেন। আমরা সবাইকে ইফতার দিই।

“এখানে অনেকে নীরবে ইফতারের জন্য বিভিন্ন সামগ্রী ও টাকা দিয়ে যান। তাদের বেশিরভাগই নাম প্রকাশে ইচ্ছুক নন। আজ তিন হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয়েছে। রমজান শেষ হতে হতে এই সংখ্যা দৈনিক চার-পাঁচ হাজারে গিয়ে ঠেকবে।” 

কাতারে বসে ইফতারের অপেক্ষায় থাকা সাতকানিয়ার এস এম শহীদুল্লাহ বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি বছর রমজানে আমি এখানে ইফতার করতে আসি। সবার সাথে ইফতার করতে শান্তি লাগে খুব।” 

২০০১ সাল থেকে ছোট পরিসরে এই ইফতারের আয়োজন শুরু হয়েছিল। পরে ২০০৫ সাল থেকে বড় পরিসরে এরকম ইফতারের আয়োজন করা হয় প্রতি বছর।

২০০১ সাল থেকে ছোট পরিসরে এই ইফতারের আয়োজন শুরু হয়েছিল। পরে ২০০৫ সাল থেকে বড় পরিসরে এরকম ইফতারের আয়োজন করা হয় প্রতি বছর।

বাবার সঙ্গে ইফতার করতে আসা শিশু রফিকুল আলম বলেন, “বাবা এখানে নিয়ে এসেছেন। এত মানুষের সাথে আগে ইফতার করিনি। ভালো লাগছে।” 

ইফতারের কাতারে ছিলেন আশপাশের বিভিন্ন বিপণী কেন্দ্রের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক-কর্মচারী, পথচারী, শ্রমজীবী এমনকি ভবঘুরে মানুষও। 

কাছের টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, সমিতির উপদেষ্টা মো. বেলায়েত হোসেন ও অর্থ সম্পাদক অধ্যক্ষ ইমরানুল হক সাঈদও শামিল হয়েছিলেন বৃহস্পতিবারের এই আয়োজনে। 

ইফতারে অংশ নেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।  

ইফতারের আগে মোনাজাত পরিচালনা করে খতিব মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী বলেন, “প্রতি বছর পবিত্র রমজান মাসে আমরা এই আয়োজন করি। মানুষ সারাদিন সিয়াম সাধনা করে এখানে ইফতারে শামিল হয়। এটা আমাদের একার প্রচেষ্টা নয়। সবার সম্মিলিত প্রচেষ্টা। এই কাজ চলবে ইনশাল্লাহ।” 

চট্টগ্রাম বিজয়ের স্মারক 

আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রতিষ্ঠার সঙ্গে জড়িয়ে আছে মোগল শাসকদের চট্টগ্রাম বিজয়ের ইতিহাস। 

রমজান মাসে প্রতিদিন এই আয়োজন করা হয়। ইফতার রান্না ও খাবার পরিবেশনে যুক্ত থাকেন ৪০ জন।

রমজান মাসে প্রতিদিন এই আয়োজন করা হয়। ইফতার রান্না ও খাবার পরিবেশনে যুক্ত থাকেন ৪০ জন।

ইতিহাস গবেষক জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৬৬৬ খ্রিস্টাব্দের ২৭শে জানুয়ারি শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ চট্টগ্রাম জয় করেন। তিনি কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার দেয়াং পাহাড়ের চাঁটিগা কেল্লায় মোগল পতাকা উত্তোলন করেন। 

“কিন্তু সাগর একেবারে কাছে হওয়ায় ১৮ বছর বয়সী উমেদ খাঁ নিজের সেনাপতিদের নির্দেশ দেন, তাকে নিরাপদ স্থানে নিয়ে যেতে। তারা তাকে কর্ণফুলী নদী পথে সদরঘাটে নিয়ে আসে। তারপর জঙ্গল কেটে বর্তমান আন্দরকিল্লা এলাকায় তিনি তাঁবু ফেলেন। পরে তিনি চকবাজারের জয়নগর এলাকায় চলে যান।” 

মোগলদের চট্টগ্রাম বিজয়ের স্মারক হিসেবে ১৬৬৭ খ্রিস্টাব্দে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং এর দুই বছর পর মসজিদ নির্মাণ শেষ হয় বলে জানান জামাল উদ্দিন। 

মসজিদের প্রবেশ পথের কাছেই একটি দেয়ালে স্থাপিত মসজিদের ইতিহাস সম্বলিত ফলকে লেখা আছে, মোগল সেনাপতি সুবেদার শায়েস্তা খাঁর ছেলে বুযুর্গ উমেদ খাঁ মসজিদটি প্রতিষ্ঠা করেন। 

পরে ইংরেজ শাসনামলে ১৭৬১ সাল থেকে ১৮৫৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ৯৪ বছর মসজিদটিকে গোলাবারুদের গুদামে পরিণত করা হয়েছিল। 

১৮৫৭ সালে এ মসজিদের সব সম্পত্তি খাঁন বাহাদুর হামিদুল্লাহ খাঁনের ওয়াকফ এস্টেটের অন্তর্ভুক্ত হয়। ১৮৮৫ সালে জমিদার হামিদুল্লাহ খাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে মুসলমানদের সম্মিলিত প্রচেষ্টায় মসজিদটি পুনরুদ্ধার করা হয়। 

পরে আদালতের রায়ে ১৯৬২ সালে চট্টগ্রাম শাহী জামে মসজিদ ওয়াকফ ট্রাস্টে রূপান্তিরিত হয়। ১৯৮৬ সালে ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ অর্ডিন্যান্স, জারি করে এ মসজিদের দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশনের  পর ন্যস্ত করা হয়।

সাড়ে তিন শতাব্দীর পুরোনো আন্দরকিল্লা জামে মসজিদ এখনো সমহিমায় দাঁড়িয়ে আছে। প্রতিদিন হাজারো মুসলমান সেখানে নামাজ পড়েন। 

মোগল স্থাপত্য রীতিতে তৈরি এই মসজিদ সমতল থেকে প্রায় ৩০ ফুট ওপরে ছোট পাহাড় চূড়ায় অবস্থিত। মূল নকশা অনুসারে মসজিদের আদি কাঠামো ১৮ গজ দীর্ঘ এবং সাড়ে ৭ গজ প্রশস্ত। 

এই মসজিদটি দিল্লি জামে মসজিদের আদলে বড় বড় পাথর ব্যবহার করে নির্মিত বলে পাথরের মসজিদ বা ‘জামে সঙ্গীন’ও বলা হয়। 

মসজিদের পশ্চিমের দেয়াল পোড়ামাটির ইটে তৈরি এবং বাকি তিনটি দেয়াল পাথরের তৈরি। মসজিদের ছাদে একটি বড় গম্বুজ ও দুটি ছোট গম্বুজ আছে। 

জাফরিকাটা খিলান বেয়ে শেষ বিকেলের আলো একটু আগে মিলিয়ে গেছে। ইফতার ও নামাজ শেষে মুসল্লীরা বেরিয়ে আসেন মসজিদ থেকে। 

তখন মনে হয় প্রায় সাড়ে তিনশ বছর পুরনো এক ইতিহাস যাত্রা থেকে আবার যেন বর্তমানে ফিরছেন সবাই।