ছেলের 'লাঠির আঘাতে' প্রাণ হারালেন বাবা
‘পারিবারিক বিরোধের’ জেরে এ হত্যাকাণ্ড হয়েছে্
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ছেলের লাঠির আঘাতে এক ব্যক্তি মারা গেছেন।
উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের বিশ্বটিলা এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবু আহমদ ডিলার (৬৫)। এ ঘটনার পর তার ছেলে ইব্রাহীম মিলন (৩৫)কে পুলিশ আটক করেছে; তিনি পেশায় দিনমজুর।
‘পারিবারিক বিরোধের’ জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানিয়েছেন।
তিনি বলেন, গত ১৫ দিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মিলন ও তার স্ত্রীর সঙ্গে বাবা-মায়ের ঝগড়া চলছিল। এমনকি তাদের ঘরে রান্নাবান্নাও বন্ধ ছিল।
"প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছি, গত রাত ১০টার দিকে তারা চেঁচামেচি শুনতে পান। কয়েকজন গিয়ে দেখেন ঘরের কাছে রাস্তায় আবু আহমেদ পড়ে আছেন।"
নিহত আবু আহমেদের স্ত্রী জরিনার বরাতে ওসি বলেন, "রাতে ঝগড়ার এক পর্যায়ে মিলন তার বাবাকে লাঠি দিয়ে পিটুনি দেয় এবং মাথায় আঘাত লাগে।"
ওসি আব্দুল হালিম বলেন, মিলনের লাঠির আঘাতে তার মা জরিনাও আহত হয়েছেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
