Published : 07 Jul 2026, 03:55 PM
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পরিত্যক্ত বিস্কুট কারখানা থেকে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব খৈয়াছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ওই পরিত্যক্ত কারখানার গার্ড রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, আনুমানিক ৩৫ বছর বয়েসী ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে কারখানার প্রহরী গার্ড রুমে গিয়ে দেয়ালের সাথে লেগে বসা অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পায়। পরে পুলিশকে জানানোর পর লাশটি উদ্ধার করা হয়।”
ওসি বলেন, লাশের শরীরে কোনো আঘাত বা অন্য কোনো দাগ পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।