Published : 07 Aug 2025, 08:07 PM
শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হওয়ার পাশাপাশি রাজনীতির ক্ষেত্রে ‘নেতিবাচক প্রবণতা’ বর্জনের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা রাজনীতি সচেতন হবে। অবশ্যই আমি সেটা চাই। তবে রাজনীতির ক্ষেত্রে যে নেতিবাচক প্রবণতাগুলো রয়েছে, সেগুলোকে পরিহার করবে।
“রাজনৈতিক দল যেন তোমাদের পরিচালিত না করে। তোমরা নিজেরা যেন রাজনৈতিক সংগঠনগুলোকে পরিচালনা করতে পারো, সেভাবেই নিজেদেরকে গড়ে তুলবে।”
‘বিশ্ববিদ্যালয় দিবস’ ও ‘শিক্ষাবর্ষ সমারম্ভ’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন শিক্ষা উপদেষ্টা।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক আবরার বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে তোমরা অনেক স্বাধীনতা ভোগ করবে। কিন্তু দায়িত্বশীলতার সাথে সেই স্বাধীনতা ভোগ করতে হবে। পিতামাতারা অনেক কষ্ট করে তোমাদের লালন করেছেন। তারা তোমাদেরকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন।
“দেশের একটা উন্নত বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করার সুযোগ পেয়েছো। তাই আমি মনে করি পিতামাতার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে তোমরা যথাযথভাবে চেষ্টা করবে। পড়াশোনা করবে। নিজেদের বিবেক দ্বারা পরিচালিত হবে।”
অনুষ্ঠানে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “সিভাসু হল দেশের একটি ব্যতিক্রমধর্মী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বমানের পাঠ্যসূচি, অত্যাধুনিক গবেষণাগার এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এখানকার শিক্ষার্থীরা অর্জন করছে আন্তর্জাতিকমানের শিক্ষা।”

সমারম্ভ বক্তা ছিলেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
সিভাসুর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ফেরদৌসী আকতার, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শেখ আহমাদ আল নাহিদ এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক গৌতম কুমার দেবনাথ।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান।
তার আগে সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, অ্যালামনাই ও কর্মচারীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটেন উপাচার্য।
পরে বিকালে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক নীতীশ চন্দ্র দেবনাথ।
এই অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক ম. রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শফিক হায়দার চৌধুরী, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ. কে. এম. সাইফুদ্দীন, অধ্যাপক পরিতোষ কুমার বিশ্বাস, মো. ফরহাদ হোসেন ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাহেদুল আলম কাদেরীর পরিবারের সদস্য মোর্শেদুল আলম কাদেরী।
বিশ্ববিদ্যালয় দিবস এবং শিক্ষাবর্ষ সমারম্ভ উপলক্ষে দিনব্যাপী আয়োজনে অন্য কর্মসূচির মধ্যে ছিল-বৃক্ষরোপণ, ফ্রি ভেটেরিনারি ক্যাম্প, রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি ফিশ কন্সালটেশন ক্যাম্প, হেলদি লাইফ ক্যাম্প, ওয়ান হেলথ ইয়ং ভয়েস এবং আইভিএসএ-এর কার্যক্রম, এভারকেয়ার হসপিটাল কর্তৃক স্বাস্থ্য বিষয়ক ফ্রি ক্যাম্প, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২০০৬ সালের ৭ আগস্ট জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে সরকার তৎকালীন চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে। তার আগে ১৯৯৫-১৯৯৬ শিক্ষাবর্ষ থেকে কলেজের কার্যক্রম শুরু হয়।