২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্রকারীদের বলবেন ‘আপা আর আসবে না, কাকা আর হাসবে না’: চট্টগ্রামের এসপি

“তারা জাতিকে খামছে ধরার জন্য নতুন নতুন ষড়যন্ত্র করছে; এ মুহূর্তে দলমত নির্বিশেষে দরকার ঐক্য,” বলেন তিনি।

ষড়যন্ত্রকারীদের বলবেন ‘আপা আর আসবে না, কাকা আর হাসবে না’: চট্টগ্রামের এসপি
চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 09:35 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

‘ষড়যন্ত্রকারীরা’ ফের সংগঠিত হচ্ছে মন্তব্য করে জুলাই আন্দোলনকারীদের সতর্ক করলেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

‘ফাঁদে পড়ে’ ঐক্য থেকে বিচ্যুত হলে আন্দোলনকারীদের সঙ্গে ‘প্রশাসনের কর্তাব্যক্তিদের পরিণতি নিয়েও’ শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘আপনারা যদি আপনাদের পরিণতি সঠিক চান, দেশটাকে যদি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চান, যদি বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্ত করতে চান, আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে।

“আপনারা ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, ‘আপা আর আসবে না, কাকা আর হাসবে না’।”

শত্রুরা আবার আসার প্রস্তুতি নিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “এ অবস্থায় আপনারা আপনাদের ভাইদের কখনও ভুল বুঝবেন না। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা যুদ্ধ করেছেন, তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন। তাহলে কেউ আপনাদের পরাজিত করতে পারবে না।

“আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের সঙ্গে আমরা যারা প্রশাসনে রয়েছি, তখন আমাদেরও কিন্তু একই পরিণতি বরণ করতে হবে।”

কারও নাম না নিয়ে পুলিশ সুপার বলেন, “তারা কিন্তু গোপনে সংগঠিত হচ্ছে। তাদের হাতে অনেক অর্থ রয়েছে, তাদের অনেক পরিকল্পনা রয়েছে। যে প্রত্যয় আপনারা ৫ তারিখের (৫ অগাস্ট) আগে করেছিলেন, সে প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যান।

‘‘আপনারা-আমরা স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের, তারা জাতিকে খামছে ধরার জন্য নতুন নতুন ষড়যন্ত্র করছে। এ মুহূর্তে দলমত নির্বিশেষে দরকার ঐক্য। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে এ জাতীয় ঐক্য, জাতীয় চেতনা ভূলুণ্ঠিত হবে।”

এআই ব্যবহার করে দলগুলোর মধ্যে বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম।

তার কথায়, “আপনারা জানেন না আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স দিয়ে আজকে বিএনপির সঙ্গে জামাতের, জামাতের সঙ্গে বিএনপির, এনসিপির সঙ্গে বিএনপির, বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন কনটেন্ট তৈরি করা হচ্ছে। এ ধরনের কনটেন্টগুলো ছড়িয়ে দিয়ে আপনাদের মধ্যে বিভক্তি তৈরি করা হচ্ছে।

“আপনাদের ঐক্য যে বিনষ্ট করা হচ্ছে, এটা আপনারা খেয়াল করছেন না। আপনারা যদি এটা খেয়াল না করেন, শত্রুরা সুযোগ পেয়ে যাবে। মনে রাখতে হবে, এটা তাদের সাইবার ওয়ারফেয়ারের একটা অংশ। এই অংশকে আপনাদের প্রতিহত করতে হবে।”

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন, নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বক্তব্য দেন।