Published : 10 Nov 2025, 09:42 AM
চট্টগ্রামের সাতকানিয়ায় 'ঝগড়ার’ জেরে ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে বলে সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাওসার জানিয়েছেন।
নিহত আহম্মদ হোসেন (৫২) ওই এলাকার বাসিন্দা; ঘটনার পর তার টমটম চালক ছেলে রিয়াদ হোসেন (২৫) পালিয়ে গেছে।
ওসি কাওসার বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, রিয়াদ নিহত আহম্মদ হোসেনের বড় ছেলে। রাত সাড়ে নয়টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় বাবা-ছেলে কথাবার্তা বলছিলেন, এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বেধে যায়।
“এ সময় রিয়াদ ঘরে থাকা ছুরি নিয়ে তার বাবার গলায় আঘাত করে।”
পরিবারের অন্য সদস্যরা হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ওসি।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ নিজেদের হেফাজতে নিয়েছে। ময়নাতদন্তের জন্য হোসেনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে পলাতক রিয়াদকে ধরতে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।