১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ৩ মাসে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ১২%

কার্যক্ষমতা বৃদ্ধি, কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে জেটি ও ইয়ার্ড সুবিধা সম্প্রসারণে এ অগ্রগতি এসেছে, বলছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 12:08 AM

Updated : 26 Aug 2026, 02:26 PM

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ের পরিমাণ বেড়েছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর মাসে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৯ লাখ ২৭ হাজার ৭১৩ টিইইউস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের হিসেবে) কন্টেইনার।

আগের অর্থবছরের একইসময়ে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৮ লাখ ২৬ হাজার ৫২৮ টিইইউস। সে হিসেবে এবার কন্টেইনার হ্যান্ডলিং ১২ দশমিক ২৪ শতাংশ বেড়েছে। 

একইসময়ে বন্দরে কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ের পরিমাণও বেড়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে কার্গো হ্যান্ডলিং হয়েছে ৩ কোটি ২৯ লাখ ১৯ হাজার ৯৬৬ মেট্রিক টন এবং জাহাজ এসেছে ১ হাজার ৩১টি। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে ১৩ দশমিক ৮৮ শতাংশ এবং ৯ দশমিক ২২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ বলছে, ধারাবাহিক কর্মতৎপরতা ও কার্যক্ষমতা বৃদ্ধি, কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে জেটি ও ইয়ার্ড সুবিধা সম্প্রসারণে এ অগ্রগতি এসেছে। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) নৌবাহিনী পরিচালিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিচালনার দায়িত্ব নেওয়ার পর সেখানেও কন্টেইনার হ্যান্ডলিংয়ে অগ্রগতি হয়েছে।

বন্দরের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম ড্রাইডক গত  তিন মাসে (জুলাই থেকে সেপ্টেম্বর) এনসিটিতে ৩ লাখ ৪২ হাজার ৬৪৯ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করেছে, যা আগের ২০২৪-২৫ অর্থ বছরের একই সময়ের চেয়ে ৪১ হাজার ৭৫৪ টিইইউস বেশি। অর্থাৎ এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ১৩ দশমিক ৮৮ শতাংশ। তিনমাসে এনসিটিতে মোট জাহাজ হ্যান্ডলিং হয়েছে ১৭৮টি, গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৬টি বেশি।

২০২৪-২৫ অর্থবছরে এ বন্দর রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে ৪৮ বছরের রেকর্ড ভেঙেছে।