২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতাকর্মীরা ‘জ্বলে-পুড়ে’ খাঁটি সোনা হয়েছে: খসরু

তরুণদের চিন্তা-চেতনাকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে নেতাকর্মীদের পরামর্শও দিয়েছেন তিনি।

বিএনপি নেতাকর্মীরা ‘জ্বলে-পুড়ে’ খাঁটি সোনা হয়েছে: খসরু
চট্টগ্রামে নিজের বাসভবনে শনিবার পাঁচলাইশ থানা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2024, 07:04 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

দেড় দশক সরকার ক্ষমতার বাইরে থাকা বিএনপি নেতাকর্মীরা রাজপথে রক্ত ঝরানোর পাশাপাশি জেল-জুলুম অত্যাচার সহ্য করলেও তাদের কেউ ‘টলাতে পারেনি’ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, “বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, অনেক নেতাকর্মী জেলে গেছে, অনেক নেতাকর্মী হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি, বিএনপি নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনার পরিণত হয়েছে। এই জন্য বিএনপিকে কেউ ভাঙতে পারে নাই।”

দলের জন্য ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদরে প্রতি আহ্বান জানান খসরু।

চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে শনিবার পাঁচলাইশ থানা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলছিলেন এ বিএনপি নেতা।

রাজনীতি নিয়ে তরুণদের চিন্তা-চেতনাও গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছে। নতুন রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা-চেতনা, তরুণদের চিন্তা-চেতনা আমাদেরকে বুঝতে হবে। সেভাবেই রাজনীতি করতে হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে।”

বিএনপি নেতা মো. আশরাফ চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মোহাম্মদ মনির চৌধুরী, মোহাম্মদ লেদু মেম্বার, মো. বাবুল কোম্পানি, মোহাম্মদ বাতেন, শহীদুর রহমান বেলাল, মোহাম্মদ খোকন মোহাম্মদ তারেক রশিদ, শামসুল আলম, জাকির হোসেন, শাহ আলম, হাসান ওসমান, দেলোয়ার হোসেন, অহিদুল ইসলাম কানন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তৌহিদ, মো. ওয়াসিম মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।