‘ধর্ষণ চেষ্টার’ মিথ্যা মামলা করে কারাগারে বাদী
ধর্ষণ চেষ্টা মামলায় অভিযোগের সত্যতা না পেয়ে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল পিবিআই
ধর্ষণ চেষ্টার অভিযোগে মিথ্যা মামলা করার পর পাল্টা মামলায় আসামি হয়ে কারাগারে গেছেন এক নারী।
বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ আত্মসমর্পণ করলে আসামি কনিকা রানী দাশকে (৪৭) কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক ফেরদৌস আরার আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার আরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইনটি নারীর প্রতি অপরাধের বিচারের জন্য। কাউকে মিথ্যা অভিযোগে বিপদগ্রস্ত করার জন্য নয়। এই আইনে মিথ্যা অভিযোগ আনা একটি মারাত্মক অপরাধ।
“যদি কনিকা রানী দাশের করা মিথ্যা অভিযোগে বর্তমান মামলার বাদীর সাজা হয়ে যেত তা অত্যন্ত গুরুতর বিষয় হত। আইনের ১৭ ধারায় কনিকাকে আসামি করে মামলা হয়েছে। তিনি আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।”
মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ৯ নভেম্বর মীরসরাই উপজেলার চরশরত গ্রামের বাসিন্দা জীবন কৃষ্ণ দাশের বিরুদ্ধে আদালতে ধর্ষণ চেষ্টার মামলা করেন একই গ্রামের কনিকা রানী দাশ। মামলায় সাক্ষী হয় তার স্বামী, দুই ছেলে ও এক মেয়েকে।
আদালত অভিযোগটি তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয়। তদন্তে অভিযোগের সত্যতা না পেয়ে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই।
পিবিআইর প্রতিবেদনে বলা হয়, চলাচলের রাস্তা ব্যবহার নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কনিকা রানী ওই ‘ধর্ষণ চেষ্টার’ মিথ্যা মামলা করেন।
এরপর ৭ অগাস্ট জীবন কৃষ্ণ দাশ বাদী হয়ে কনিকা রানী দাশ, তার স্বামী হিরালাল দাশ, তাদের দুই ছেলে জোটন চন্দ্র দাশ ও নিরঞ্জন দাশ এবং মেয়ে পায়েলী রানী দাশকে আসামি করে মামলা করেন।
এ মামলার অন্য আসামিরা বৃহস্পতিবার আদালতে হাজির হননি।
নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৭ ধারায় ‘মিথ্যা মামলা, অভিযোগ দায়ের ইত্যাদির শাস্তি’র বিধান আছে। এই ধারা অনুসারে, কেউ যদি ক্ষতি করার উদ্দেশ্যে আরেকজনের বিরুদ্ধে এই আইনে মামলা বা অভিযোগ করেন বা করান, তাহলে মামলা বা অভিযোগ দায়েরকারী ব্যক্তি এবং যিনি অভিযোগ দায়ের করিয়েছেন- তারা সাত বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন।
