আরবি ভাষা দিবস উপলক্ষে চবিতে আলোচনা সভা
“আরবিকে সমৃদ্ধ করে প্রতিষ্ঠা করতে পারলে সেটি হবে দেশের জন্য বড় মাইলফলক," বলেন উপ-উপাচার্য শামীম উদ্দিন।
আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগ।
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ সভা হয়।
অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালেয়ের উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, “আমি আরবি বিভাগের জন্য এককালীন ২৫টি শিক্ষাবৃত্তি দেব, যার মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনতে পারবেন। বিশেষ করে এতিম, বিধবা ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় আসবেন।
“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ স্থাপনের উদ্যোগ নেব। এ বিষয়ে উপাচার্য মহোদয়ের সঙ্গে আলোচনা করব। উপাচার্য মহোদয় যদি এ উদ্যোগ নেন, তাহলে সার্বিক ব্যয়ভার আমরা বহন করব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবি বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।
এতে উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, “আমরা দেখেছি, পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটি রাকাতে আরবি ভাষার ব্যবহার রয়েছে। সে কারণে এই অঞ্চলের প্রত্যেক মুসলমান কোনো না কোনোভাবে আরবি ভাষার সঙ্গে সম্পৃক্ত।
“কাজেই এই দেশে আরবি ভাষাকে আরও ভালোভাবে প্রতিষ্ঠা করে মুসলিম বিশ্বের সঙ্গে আরও সুদৃঢ় ও সুন্দর সম্পর্ক গড়ে তুলতে আমরা পাশে থাকব। এই চেতনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে।”
উপ উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, "বাংলাদেশের অর্থনীতিতেও আরবি ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ কর্মরত, যারা আরবি ভাষায় কথা বলে জীবিকা নির্বাহ করছে। আরবি ভাষাকে যদি আমরা সমৃদ্ধ করে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সেটিই হবে দেশের জন্য একটি বড় মাইলফলক।"
