রেললাইনে যে শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রৌঢ়ের, সেও বাঁচল না
শিশুটি হাঁটতে হাঁটতে রেলসেতুতে উঠে যায়।
চট্টগ্রামের ষোলশহরে ট্রেনের ধাক্কায় আহত শিশুটি মারা গেছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায়।
রাহাত নামের ১০ বছর বয়সি ছেলেটির বাসা ষোলশহর এলাকায়। তার বাবার নাম মো. ফারুক।
এদিন দুপুরে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পঞ্চাশোর্ধ এক ব্যক্তি নিহত হন। আহত হয় ওই শিশুটি।
চট্টগ্রাম ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অসীম ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে।
প্রথমে পুলিশ নিহত ব্যক্তির পরিচয় জানতে না পারলেও পরে জানায় তার নাম দেলোয়ার হোসেন মিন্টু (৫৫)। তার বাসা তুলাতলী এলাকায়।
ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানিয়েছিলেন, জুমার নামাজ শেষে রেললাইনের পাশে দুই শিশুকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। তার মধ্যে একটি শিশু হাত ছেড়ে সামনে এগিয়ে যায়। এসময় পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চলে আসে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সুজন কান্তি দে ঘটনার পরপর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটি হাঁটতে হাঁটতে রেলসেতুতে উঠে গিয়েছিল। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ট্রেনে কাটা পড়েন মিন্টু নামের ওই ব্যক্তি।
আগের খবর:
