০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রেললাইনে হাঁটছিল শিশু, বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন প্রৌঢ়

শিশুটি গুরুতর আহত হয়েছে, ভর্তি করা হয়েছে হাসপাতালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 03:46 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

চট্টগ্রামের ষোলশহরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে এক শিশু।

শুক্রবার দুপুরে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সুজন কান্তি দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রেললাইনের ওপর থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় একজন নিহত ও শিশুটি আহত হয়েছেন।

“ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা আছেন, তারা নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা করছে।”

১০ বছর বয়সি ওই শিশুকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, জুমার নামাজ শেষে রেললাইনের পাশে দুই শিশুকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি।

তার মধ্যে একটি শিশু হাত ছেড়ে সামনে এগিয়ে যায়। এসময় পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চলে আসলে লাইনের পাশে থাকা এক ব্যক্তি শিশুটিকে বাঁচাতে দৌড়ে যায়।

এতে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৫৫ বছর বয়সি ব্যক্তিটি ঘটনাস্থলে নিহত হয়। আর শিশুটি গুরুতর আহত হয়।