২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বামী-স্ত্রী পরিচয়ে’ সংসার, প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা

পুলিশ বলছে, টুম্পার আগে বিয়ে হয়েছিল এবং সেই পক্ষের তার চার বছরের ছেলেও আছে; এ নিয়ে প্রেমিকের সঙ্গে তার ঝগড়া চলছিল।

‘স্বামী-স্ত্রী পরিচয়ে’ সংসার, প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা
চট্টগ্রামের বন্দর থানা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2025, 08:17 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

চট্টগ্রামে তিন দিন আগে নারীর লাশ উদ্ধারের ঘটনায় তার প্রেমিককে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, ‘স্বামী-স্ত্রী পরিচয়ে’ তারা বাসা ভাড়া নিয়ে ছিলেন এবং কলহের একপর্যায়ে সেই নারীকে তিনি হত্যা করেন।

ঢাকার পোস্তাগোলা এলাকায় একটি বাসে করে শুক্রবার বাগেরহাট পালানোর সময় ইব্রাহীম হাওলাদার নামে (২৪) সেই যুবককে গ্রেপ্তারের তথ্য দেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ মাহবুব আলম।

চট্টগ্রামের বন্দর থানার কলসী দীঘির পাড় এলাকায় বুধবার রাতে আলী সওদাগরের বাড়ির নিচতলার ঘর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। ঘটনা তদন্ত করতে গিয়ে পাশের একটি দোকানের রশিদে পাওয়া ফোন নম্বরের সূত্র ধরে টুম্পা নামে ওই নারীর পরিচয় শনাক্ত করে পুলিশ। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায়।

উপকমিশনার মাহবুব আলম বলেন, ইব্রাহীম ও টুম্পা স্বামী-স্ত্রী পরিচয়ে কলসীর দীঘির পাড় এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। গার্মেন্টকর্মী টুম্পার আগে বিয়ে হয়েছিল। সেই পক্ষের তার চার বছরের ছেলেও আছে।

“এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদের জেরে বুধবার ঘুমন্ত অবস্থায় টুম্পার গলায় রশি পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান ইব্রাহীম। আর টুম্পার ছেলেকে কৌশলে ঘরের বাইরে ফেলে রাখেন।”