২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামপাড়া পুলিশ লাইন্সে বাস উল্টে ২৭ নারী পুলিশ সদস্য আহত

তারা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ডিউটিতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন উপ কমিশনার হাসান মোস্তফা স্বপন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2025, 06:00 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসে গাড়ি উল্টে অন্তত ২৭ নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। 

শুক্রবার দুপুরে পুলিশ লাইন্স থেকে বের হওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাগরিকা স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ডিউটিতে যাচ্ছিলেন সিএমপির নারী পুলিশ সদস্যরা। তাদের বহনকারী বাসটি দামপাড়া পুলিশ লাইনের ভেতরে ঢালু রাস্তা দিয়ে নামার সময় ‘ব্রেক ফেইল’ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 

“বাসটি সড়কের পাশে গাছের সাথে আটকে দেওয়ার চেষ্টা করেন চালক। এসময় বাসে থাকা ২৭ পুলিশ সদস্য আহত হন।”

দুর্ঘটনায় পড়া বাসটি পুলিশের নিজস্ব নয় জানিয়ে উপ-কমিশনার স্বপন বলেন, “আহতদের কারো অবস্থা গুরুতর নয়। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।” 

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়ি উল্টে আহতদের মধ্যে ১২ জনকে এ হাসপাতালে আনা হয়েছে। অন্যদের দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”