চবির প্রশ্নপত্রে রবি ঠাকুরের গল্পের শিরোনাম ভুল
১ হাজার ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ‘অপরিচিতা’ শিরোনামের বানান ভুল ছাপা হয়েছে।
ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার সেট-২ এর ১৫ নং প্রশ্নে ‘অপরিচিতা’র বানান লেখা হয়েছে ‘অপরাজিতা’। প্রশ্নটি ছিল “‘অপরাজিতা’ গল্পে কল্যাণীর বাবার পেশা কী ছিল।”
প্রশ্নপত্রে ভুল নিয়ে জানতে চাইলে ভর্তি পরীক্ষার সমন্বয়কারী সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, “এটা আসলে টাইপিং মিসটেক। ভর্তি পরীক্ষার সিলেবাস বলতে কিছু নেই।”
সোমবার বেলা সোয়া ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ড. মহম্মদ ইউনুস ভবনে (সমাজবিজ্ঞান অনুষদ) এই উপ-ইউনিটের পরীক্ষা হয়েছে। এতে অংশ নেয় ১ হাজার ২৮ জন শিক্ষার্থী।
শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স বিভাগ এ উপ ইউনিটের অন্তর্ভুক্ত।
এই উপ-ইউনিটে ৪০টি আসনের বিপরীতে ১ হাজার ৪২১ জন ভর্তিচ্ছু আবেদন করেন। আসন প্রতি প্রতিযোগিতা করছেন ৩৫ জন শিক্ষার্থী।
এরপরে 'সি’ ইউনিটের ৯ জানুয়ারি, ‘বি’ ইউনিটের পরীক্ষা ১০ জানুয়ারি, ‘বি১’ উপ-ইউনিটের ৭ জানুয়ারি ও ‘বি২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
