২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এস আলমের গাড়ি সরানোর অভিযোগ, বিএনপির ৩ নেতাকে শোকজ

চট্টগ্রামে একটি ওয়্যারহাউস থেকে বৃহস্পতিবার রাতে এস আলমের ১৪টি বিলাসবহুল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে।

এস আলমের গাড়ি সরানোর অভিযোগ, বিএনপির ৩ নেতাকে শোকজ
এস আলমের গাড়ি সরানোর অভিযোগের পর শনিবার সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2024, 12:23 AM

Updated : 26 Aug 2026, 10:23 AM

আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের ১৪টি বিলাসবহুল গাড়ি একটি ওয়্যারহাউস থেকে রাতের বেলায় সরিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

শনিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে ওই নোটিশ পাঠানো হয়েছে বলে দলটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম জানিয়েছেন।

ওই তিন নেতা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহবায়ক এস এম মামুন মিয়া।

বন্দর নগরীর কালুরঘাট শিল্প এলাকায় মীর গ্রুপের ওয়্যারহাউস থেকে বৃহস্পতিবার রাতে এস আলম পরিবারের সদস্যদের মালিকাধীন নামিদামি ব্র্যান্ডের ১৪টি প্রাইভেটকার ও জিপ সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়ন, পটিয়া যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী শিবলু এবং দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের গাড়ি চালক মনসুরের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

এ নিয়ে আলোচনা শুরু হলে শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির একটি সংবাদ সম্মেলনে ঘটনাটিকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, “বৃহস্পতিবার মীর গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, কে বা কারা তাদের কাছ থেকে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে চাঁদা দাবি করেছে। পরে বিএনপি নেতারা ‘চাঁদা দাবিকারীদের’ চিহ্নিত সেখানে গিয়েছিলেন। এস আলমের গাড়ি সরানোর বিষয়টি ‘সম্পূর্ণ মিথ্যা ও প্রপাগান্ডা’ ছাড়া কিছুই নয়।”

শোকজ নোটিসের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নোটিস এখনও আমি হাতে পাইনি। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি আপনাদের মিডিয়ার মাধ্যমে জেনেছি।”