চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় মন্দির উদ্বোধন
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ মন্দির উদ্বোধন করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নির্মিত প্রথম কেন্দ্রীয় মন্দির ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ মন্দির উদ্বোধন করেন।
চবির ২ নম্বর গেইট এলাকায় নির্মিত এ মন্দির উদ্বোধন ঘিরে সকাল ৯টায় দেবী পূজা ও বন্দনা হয়। শুরুতে গীতা পাঠ করা হয়। অতিথিদের হাতে তুলে দেওয়া হয় ‘কৃতজ্ঞতা স্মারক’। এরপর দ্বার উদঘাটন করা হয়।
পরে আলোচনাসভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “রংধনু জাতি গঠন আমাদের দর্শন। সকলে আমরা বাংলাদেশি, ভিন্নতা ছাড়া কোনো দেশ হতে পারে। ঐক্য থাকতে হবে, তবে ভিন্নতা থাকবে।
মহিলা এমপির ক্ষেত্রে দেখেছেন পাহাড়ি ছিল, সনাতনী ছিল। রংধনু জাতির কথা বললে সকলের কথা বলতে হবে।
“আমরা সকলে মিলে এমন একটি দেশ গড়তে চাই, যা হবে সহনশীল, সংবেদনশীল, মানবিক ও স্থিতিশীল। এই চারটি গুণ না থাকলে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। তাই বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে গড়ে তুলতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
২০১২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সনাতনী শিক্ষার্থীদের জন্য মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেয়। মন্দিরের পুরো অর্থায়ন করেছে অদুল-অনিতা ট্রাস্ট।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ মীর হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
