১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

জনস্বার্থ রক্ষা করতে না পারলে ‘দোয়া ফু-তে’ কাজ হবে না: সরকারকে পরওয়ার

কূটনৈতিকভাবে ও রাজনৈতিকভাবে জামায়াত দেশের আসল চিত্র দুনিয়ার কাছে তুলে ধরার চেষ্টা করছে, বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 08:15 PM

Updated : 16 Oct 2026, 08:14 PM

জনগণের আসল স্বার্থ রক্ষা করতে না পারলে ‘দোয়া ফু-তে’ কাজ হবে না বলে সরকারকে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

চট্টগ্রাম বন্দর শহীদ মুন্সি ফজলুর রহমান অডিটোরিয়ামে শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত থানা ও সেক্টর কার্যনির্বাহী কমিটির সদস্যদের দিনব্যাপী লিডারশিপ ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি, শ্রমিক পরিস্থিতি ভালো নেই মন্তব্য করে গোলাম পরওয়ার বলেন, “ব্যাংক থেকে যে পরিমাণ ঋণ নিয়েছে। বিদেশি দাতা সংস্থাদের কাছে যে ঋণ; এইগুলোর ধাক্কা সামলাতে এই সরকার পারবে না। উনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) এখন জামায়তকে সামলাইতে চায়; ১১ দলকে সামলাইতে চায়। সামলাইতে না পেরে এখন পীর ফকির নানান দরবারে ধর্না দিতেছে।

“জনগণের আসল স্বার্থ রক্ষা করতে না পারলে কোন দোয়া ফুতে কাজ হবে না। এরকম বহু ফু আগের সরকাররাও নিয়েছে। মুসাফা করেছে, দোয়া করেছে, কত জননী টননী টাইটেল নিয়েছে। কোন টাইটেলে কাম হয় নাই।”

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০১৮ সালের নভেম্বরে ঢাকায় এক শোকরানা মাহফিলে ‘কওমি জননী’ উপাধি দেওয়া হয়। কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর ‘দাওরায়ে হাদিসকে’ ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ের মাস্টার্স (স্নাতকোত্তর) সমমান স্বীকৃতি দিয়ে আইন পাসের জন্য ওই শোকনারা মাহফিলের আয়োজন করেছিল কওমি মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রক সংস্থা ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিক কওমিয়া বাংলাদেশ’।

শেখ হাসিনাকে এই উপাধি দেওয়ার প্রতি ইঙ্গিত করে এই জামায়াত নেতা বলেন, “র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী- কত ক্ষমতা আপনার ছিল। দুপুরে খাবারের টাইমও তিনি পাননি। বিদায় নিয়েছেন। এটা তো স্মরণ রাখতে হবে।”

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোয় দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে বর্ণনা তিনি বলেন, “একবার ক্ষমতায় এসে ছয় মাসের মধ্যে তিনবার পেট্রোল, কেরোসিন, অকটেন, ডিজেল, গ্যাস-বিদ্যুৎ; মানে ছয় মাসের মধ্যে যদি এইসব তিনবার চারবার করে বাড়ানো লাগে সেই দেশের পরিস্থিতি কী ভালো আছে?

“উনারা তো বলছেন, উনাদের নেতা নাকি স্বপ্ন দেখেছিলেন- আই হ্যাভ আ প্ল্যান। তো সেই প্ল্যান বলতে কি ছয়মাসের মধ্যে তিনবার দাম বাড়াবো সেই প্ল্যান? জনগণের কাছে দেওয়া গণভোটের রায় মানার ওয়াদা করে সেটা ভঙ্গ করবেন সেই প্ল্যান নিয়ে আপনি এসেছিলেন।”

কূটনৈতিকভাবে ও রাজনৈতিকভাবে জামায়াত দেশের আসল চিত্র দুনিয়ার কাছে তুলে ধরার চেষ্টা করছে বলে তুলে ধরেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, “পার্লামেন্টে আমরা সেই ভূমিকা রাখছি। বিভিন্ন দেশের প্রতিনিধিরা আমাদের বিরোধী দলীয় নেতার সাথে যারা দেখা করছেন, কথা বলছেন, মতবিনিময় করছেন, আমরা কি কারণে আন্দোলন করছি, কী আমাদের দফা।

“দেশের মানুষের মুক্তির জন্য জুলাইয়ে কী কারণে আমরা রক্ত দিয়েছিলাম; এই সরকার তার সাথে দ্বিচারিতা করে, গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে এই দেশটাকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে। সেই জনমত গঠন করে আমরা দেশটাকে কি করতে চাই, আমরা দুনিয়ার কাছে সেই সত্য এখন তুলে ধরছি।”

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সেখানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান, দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর সেক্রেটারি নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর সহকারী সেক্রেটারি খায়রুল বাশার, মহানগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের শ্রম পরিদর্শক শুভংকর দত্ত উপস্থিত ছিলেন।