কক্সবাজারে নারীসহ চার ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার
কক্সবাজারে তিনটি অভিযানে মানবপাচারকারী সন্দেহে এক নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত রামু, উখিয়া ও মহেশখালী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়ার শফিকুর রহমানের ছেলে আব্দুল জলিল (৩০), রামুর কুতুবপালং গ্রামের মৃত ফজল আহমদের ছেলে মোহাম্মদ মোস্তফা (২৭) ও মোহাম্মদ ইসতিয়াকের ছেলে মোহাম্মদ আলম (৩১)। গ্রেপ্তারকৃত নারীর নাম প্রকাশ করা হলো না।
উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম জানান, বেলা ১১টায় উখিয়ার মাদারবুনিয়া এলাকা থেকে আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে উখিয়া থানায় মানবপাচার আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, সকাল ১০টার দিকে কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া থেকে এক মানবপাচারকারী নারীকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মানবপাচারকারীদের নানাভাবে সহযোগিতার অভিযোগ রয়েছে বলে জানান ওসি।
রামু থানার ওসি মোহাম্মদ আব্দুল মজিদ জানান, দুপুরে রামুর কুতুবপালং এলাকা থেকে মোহাম্মদ মোস্তফা ও মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, প্রলোভনের ফাঁদে ফেলে রামুর জিয়াউর রহমান নামের এক যুবককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় পাচার করে এরা।
জিয়াউর এখনও নিখোঁজ রয়েছেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মানবপাচার আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানান তিন থানার পুলিশ কর্মকর্তারা।
