স্বস্তির বৃষ্টির পর জলাবদ্ধতার কষ্ট চট্টগ্রামে
তীব্র গরমের মধ্যে ভারি বৃষ্টি বন্দর নগরী চট্টগ্রামে স্বস্তি ফেরালেও কয়েকটি এলাকায় পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া বৃষ্টি রাতভর ঝরেছে। বুধবার দুপুরেও নগরীতে টানা বৃষ্টি হচ্ছিল।
বুধবার বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৯৮ দশমিক ৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিসে।
সকালে বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে বিপাকে পড়েন চাকরিজীবী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। ভারি বর্ষণের কারণে সকালের দিকে সড়কে যানবাহনও ছিল কম।
নগরীর ডিসি রোডের বাসিন্দা সাইফুল আলম বলেন, “এখানে গত মাসেও পানি উঠেছে। এতদিন ছিল অসম্ভব গরম। বৃষ্টি শুরু হতেই আজ এলাকার রাস্তায় পানি উঠে গেছে। সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে পৌঁছাতে খুব কষ্ট হয়ে গেছে।”
বৃষ্টিতে নগরীর দুই নম্বর গেইট, চকবাজার কাঁচা বাজার, চান্দগাঁও, সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদের কিছু অংশ, বাকলিয়ার কয়েকটি এলাকা, ডিসি রোড, হালিশহরের ওয়াপদা সংলগ্ন এলাকা, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকা, বাদুরতলা, কাপাসগোলা, শুলকবহর ও মুরাদপুরেও জলাবদ্ধাতা সৃষ্টি হয়েছে।
সকাল ১০টায় নগরীর আন্দরকিল্লা মোড় থেকে নিউ মার্কেট এলাকায় যেতে গাড়ির অপেক্ষায় ছিলেন তরিকুল আলম।
শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে বহু প্রতীক্ষিত বর্ষা নগরবাসীর মনে কিছুটা স্বস্তিও দিয়েছে। গত দুই সপ্তাহ ধরে নগরীতে তাপমাত্রা ছিল খুব বেশি। তাই শ্রাবণের প্রথম বৃষ্টিতে অনেকে ভিজেছেন। কেউ কেউ পুকুরে ঝাঁপিয়েছেন বৃষ্টির মধ্যেই।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এভাবে আরো কয়েক দিন হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।”
