২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় একতার কারণেই শেখ হাসিনা মুক্ত হয়: হাছান

দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনেও ২০০৮ সালের মতো ‘ধস নামানো বিজয়’ আসবে বলে মনে করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 06:15 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

শনিবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, “তখন নেত্রীর অবর্তমানে আমাদের শ্রদ্ধাভাজন নেতা জিল্লুর রহমান অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছিলেন।

“নেত্রী যখন কারাগারে, তখন দল ঐক্যবদ্ধ ছিল; বিধায় কর্মীদের মনে আশা ছিল। কর্মীরাও ঐক্যবদ্ধ ছিল। সারাদেশ এবং বিশ্বজুড়ে প্রতিবাদ হয়েছে।”

যে কোনো পরিস্থিতি মোকাবেলার মানসিকতা ‘লালন’ করতে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “২০০৮ সালে দল ঐক্যবদ্ধ ছিল বিধায় নেত্রীকে মুক্ত করতে পেরেছিলাম। আগামী নির্বাচনেও যদি দল ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে ইনশাল্লাহ ২০০৮ সালের মতো ধস নামানো বিজয় আসবে, কেউ ঠেকাতে পারবে না।”

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, “২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে গণতন্ত্রকেই বন্দি করা হয়েছিল।

“তখন আমাদের দলের অনেক বড় নেতা বেসুরে কথা বলেছেন, কিন্তু তৃণমূলে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল। যারা বেসুরে কথা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সাথে হাত মিলিয়েছিলেন; তারা অনেকে ভয়ে দলীয় প্রোগ্রোমেও যেতেন না, কেউ কেউ গেলেও অপদস্থ হয়েছেন।”

শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর মতিয়া চৌধুরীর মাধ্যমে দলের সভাপতির দায়িত্ব প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ওপর দিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, “তিনি দায়িত্ব পাবার পর নেত্রীর গ্রেপ্তারের প্রতিবাদে গুলশানে বাসভবনে সংবাদ সম্মেলন করেন। সেদিন জিল্লুর চাচার সাথে আমার প্রথম বাক্য বিনিময় ছিল, নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, এখন দলটা ভাঙার চেষ্টা করা হবে। দল যদি তারা ভাঙতে পারে তাহলে নেত্রীকে মুক্ত করা কঠিন হয়ে দাঁড়াবে। আমাদের প্রথম কাজ হচ্ছে দলকে ঐক্যবদ্ধ রাখা।”

শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল জানিয়ে হাছান মাহমুদ বলেন, “বেগম খালেদা জিয়ার পার্সোনাল উইংয়ের একজন কর্মকর্তা আমাকে ফোন করে বললো, আমাদের ম্যাডামকেও তো গ্রেপ্তার করা হতে পারে, আমরা একসাথে কিছু করতে পারলে ভালো হয়। তখন আমি জবাব দিয়েছিলাম, এই সিদ্ধান্ত তো দলীয় সিদ্ধান্ত হতে হবে। এটি আমাদের দল সিদ্ধান্ত নিবে, কিভাবে আন্দোলন হবে।

“কারণ আমরা বিএনপির অনাচার-অবিচার অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছিলাম। সুতরাং আরেকটি অন্যায় অবিচারের প্রতিবাদ করতে গিয়ে আবার যারা অপরাধ করেছিল তাদের সাথে আমরা আন্দোলন করা সমীচীন হবে কি না, সেটা একটা বড় প্রশ্ন ছিল। আমার মনে হয়েছিল সেটা সমীচীন হবে না। বাস্তবতা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা আন্দোলনে নামে নাই।”

এক-এগারোর সরকারের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, “সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি, অনাচার-অন্যায়ের বিরুদ্ধে কথা বলে ক্ষমতা গ্রহণ করেছিল। কিন্তু আমরা অবাক বিস্ময়ে দেখলাম, যে স্লোগান দিয়ে ও বক্তব্য রেখে তারা সরকার গঠন করেছিল, সেই অন্যায়-অবিচারের মধ্যে তারাই আবার যুক্ত হয়ে গেল।

“…তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার যে অন্যায় কাজগুলো করছিল, দুর্নীতির সাথেও তাদের অনেকেই যুক্ত হয়ে গিয়েছিল। এই অন্যায়-অনাচারের বিরুদ্ধে তখন একমাত্র জননেত্রী শেখ হাসিনাই কথা বলেছেন। বিএনপি ও তাদের নেতৃবৃন্দ সেইভাবে প্রতিবাদ করে নাই।”

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।