ঈদে বন্যার্তদের প্রতি সহায়তার হাত বাড়ান: চট্টগ্রাম আওয়ামী লীগ
ঈদুল আজহায় দেশের বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নেতারা।
ঈদ শুভেচ্ছা জানিয়ে দেয়া এক বিবৃতিতে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এ আহ্বান জানান।
বিবৃতিতে সবার প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়ে তারা বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি এবং অহঙ্কার বিসর্জনের মহিমা নিয়ে ঈদুল আজহা পালিত হতে যাচ্ছে।
“প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের ধর্মীয় তাৎপর্য উপলব্ধি করে মহান আল্লাহতায়ালার প্রতি ইবাদত বন্দেগির মাধ্যমে পশু কোরবানির আয়োজন সম্পন্ন করা একটি ধর্মীয় ও নৈতিক কর্তব্যবোধ।
“পাশাপাশি আজ বৈশ্বিক অস্থিরতা ও নানা কারণে যে মানবিক বিপর্যয় নেমে এসেছে তা মোকাবেলায় আমাদেরকে প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে হবে।”
আওয়ামী লীগ নেতারা বিবৃতিতে বলেন, “সাম্প্রতিক বন্যার ফলে উপদ্রুত অঞ্চলে যারা মানবেতর জীবন যাপন করছে তাদের প্রতি মানবিক সাহায্য ও সহায়তার হাত প্রসারিত করতে হবে।”
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী পৃথক বিবৃতিতে নগরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই উৎসব মুসলিম সমাজে সাম্য ও সম্প্রীতিপূর্ণ ভালবাসার জোয়ার বয়ে আনে।
“কোরবানি শুধুমাত্র ধর্মীয় উৎসবই নয় বরং ত্যাগের দীক্ষায় পরিশুদ্ধ জীবন গঠন ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের নিয়মতান্ত্রিক অনুশীলনও বটে।”
তিনি নগরবাসীকে কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলার আহ্বান জানান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রত্যশা করেন।
