২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএম ডিপোতে অগ্নিকাণ্ড: ক্ষতিপূরণের দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক

বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডে হতাহত পরিবহন শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ২৪ জুলাই চট্টগ্রাম অঞ্চলে ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2022, 10:22 PM

Updated : 02 Aug 2022, 01:46 PM

সোমবার নগরীর বিআরটিসি মার্কেটের কার্যালয়ে ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছার ফেডারেশনভুক্ত ৪৫টি বেসিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাকদের যৌথসভায় এ সিদ্ধান্ত হয়। 

মুছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রধান দাবি বিএম ডিপোর আগুনে কভার্ড ভ্যান ও ট্রেইলারের যে চালক-সহকারীরা হতাহত হয়েছেন, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসার ব্যবস্থা ও নিখোঁজদের সন্ধান দিতে হবে।

“আগুনের মূল সূত্রপাত কীভাবে হয়েছে, তার সঠিক তথ্য তদন্তের মাধ্যমে সবাইকে জানাতে হবে। আর প্রকৃত দোষীদের বিচারের মাধ্যমে শাস্তি দিতে হবে।”

সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ২৪ জুলাই সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টা বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলায় তথা চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ধর্মঘট চলবে। এই ধর্মঘটের আওতায় থাকবে সব ধরনের যান্ত্রিক যানবাহন।

এক মাসেরও বেশি সময় আগে কেন ধর্মঘটের ডাক দেওয়া হল- জানতে চাইলে মুছা বলেন, “কম সময়ের ব্যবধানে ধর্মঘট আহ্বান করলে অনেক সময় বলা হয়, যথাযথভাবে জানানো হয়নি।

“এখন এই সময়ে আমরা বিষয়গুলো সংশ্লিষ্ট প্রশাসনকে জানাব, স্মারকলিপি দেব এবং সাধারণ মানুষকে অবহিত করব। তারপর ধর্মঘট পালন করব।”

গত ৪ জুন সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রায় অর্ধশত নিহত এবং দুই শতাধিক ব্যক্তি আহত হন।হতাহতদের মধ্যে অনেকেই কভার্ডভ্যানের চালক ও সহকারী, যারা পণ্য নিয়ে কিংবা পণ্য আনতে ওই ডিপোতে গিয়েছিলেন।

ধর্মঘট আহ্বানকারী মুছা জানান, তাদের আরও তিনটি ‘মূল’ দাবি রয়েছে।

“সড়কে শৃঙ্খলা আনতে উচ্চ আদালতের আদেশ অনুসারে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ফিটনেসবিহীন অবৈধ থ্রিহুইলার চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। মামলাসহ নানা রকম হয়রানি হচ্ছে, যাচাই বাছাই করে মামলা দিতে হবে। এবং সংগঠনের গঠনতন্ত্র অনুসারে আমাদের সংগঠন পরিচালনার সুযোগ দিতে হবে।”

তাদের অন্যান্য দাবির মধ্যে আছে- নিবন্ধিত সংগঠনের পরিচালনা ব্যয় ও সার্ভিস চার্জ আদায়ে বাধা না দেওয়া, নো পার্কিং ও প্রতিবন্ধকতার ধারায় পৃথক দুটি মামলা যুক্ত করে অতিরিক্ত জরিমানা আদায় বন্ধ করা, একই মামলায় টো এর নামে পুলিশি নির্যাতন বন্ধ করা, সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিধি মোতাবেক নিয়োগপত্র প্রদান অবিলম্বে বাস্তবায়ন করা, ক্যাটাগরি ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স প্রদান, ডোপ টেস্টের নামে হয়রানি ও অতিরিক্ত টাকা আদায় বন্ধ করা।

এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারার অপপ্রয়োগ বন্ধ করা এবং চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানে আলম ও যুগ্ম সম্পাদক মো. সোলায়মানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহমদ, শফিকুর রহমান, হাজী আবদুস ছবুর, জহির উল্লাহ, সেলিম খান, আবুল খায়ের, ইকবাল হোসেন চৌধুরী, জহিরুল ইসলাম।