এম হান্নানকে স্বীকৃতি না দেওয়া ছিল ‘মহা ভুল’: নাছির
স্বাধীনতার ঘোষণার প্রথম পাঠকারী হিসেবে স্বাধীনতার পরপরই সংসদে এম এ হান্নানের স্বীকৃতি না দেওয়া ‘মহাভুল’ ছিল বলে মনে করেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
রোববার এম এ হান্নানের ৪৮তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেছেন, সেই ‘ভুলের’ সুযোগ নিয়েই স্বাধীনতার ঘোষণা দিয়ে বিতর্ক তুলতে পেরেছে বিএনপি।
নগরীর চৈতন্য গলি কবরস্থানে প্রয়াত হান্নানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে নগর আওয়ামী লীগ আয়োজিত সংক্ষিপ্ত স্মরণানুষ্ঠানে একথা বলেন তিনি।
নাছির বলেন, “স্বাধীতার পরপরই সংসদে এম এ হান্নানকে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার বেতার পাঠক হিসেবে স্বীকৃতি দিইনি, এটা আমাদের মহাভুল। এই ভুলের সুযোগ নিয়ে বিএনপি একের পর এক ইতিহাস বিকৃতি ঘটিয়েছে।”
অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “এম এ হান্নান মুক্তিসংগ্রামের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র। উনাকে অবমাননার উদ্দেশ্যে বিএনপি ইতিহাস বিকৃত করেছে।”
১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে কালুরঘাটের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেছিলেন সে সময়ের চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান।
বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম এ হান্নান ১৯৭৪ সালের ১২ জুন মারা যান। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০১৩ সালে তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
অন্যদিকে চৈতন্য গলি কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম যে কণ্ঠটি ধ্বণিত হয়েছিল, তা এম এ হান্নানের। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন তিনি।
“ইতিহাস থেকে এম এ হান্নানের নাম মুছে দিতে একটি স্বার্থান্বেষী মহল হাজার চেষ্টা করলেও ইতিহাসের প্রকৃত সত্য কেউ গোপন করতে পারে না। ইতিহাস তার নিয়মেই চলবে।”
নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল বলেন, “এম এ হান্নানের কবরটি চিহ্নিত করে একটি নাম ফলক লাগাতে আমাদের অনেক বিলম্ব হয়ে গেছে।
“ইতিহাসে চট্টগ্রামের অনেক গুণিজনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। চট্টগ্রাম প্রতিটি আন্দোলন-সংগ্রামে উপমহাদেশের ইতিহাসে অগ্রণী ভূমিকা রেখেছে। তাই যাদের যে অবদান আছে তার স্বীকৃতি দেয়া এবং নতুন প্রজম্মকে তাদের গৌরব গাঁথা সম্পর্কে ধারনা দিতে নগরীতে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে।”
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, আবদুস সালাম মাসুম, কাজী নরুল আমিন, পুলক খাস্তগীর ও মোহাম্মদ জাভেদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খাঁন, অধ্যাপক মাসুম চৌধুরী, আমির আহমদ।
