জীবনের ‘স্টিয়ারিং’ ধরার সময়ই হাতটা হারালেন মারুফ
নোয়াখালীর মাইজদীর বাসিন্দা মারুফ হোসেনের বাবা চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় একটি ভবনে পাহারাদারের কাজ করেন। সংসারের খরচ একা কুলিয়ে উঠতে পারেন না। তাই ঘরের বড় ছেলে হিসেবে মাত্র ১২ বছর বয়সেই রোজগারের পথে নেমে পড়েন মারুফ। মামার সঙ্গে সহকারীর কাজ করতে করতে হয়ে ওঠেন কভার্ড ভ্যানচালক।
কভার্ড ভ্যানের স্টিয়ারিং ধরে ভালোই চলছিল মারুফের জীবন। দুই বোনের বিয়ে দিয়ে গত বছর নিজেও বিয়ে করেন। কিন্তু ‘জীবনের স্টিয়ারিং’ ঠিকমতো ধরতে না ধরতেই হারিয়ে ফেললেন একটি হাত।
গত ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণে আরও অনেকের মতো আহত হয়ে এখন হাত হারিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন মারুফ।
রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে (অর্থপেডিক সার্জারি) কথা হয় চিকিৎসাধীন মারুফের সঙ্গে।
সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে এই যুবক জানান, আগের দিন (৩ জুন, শুক্রবার) বিকালে আশুলিয়ার নরসিংহপুরের একটি পোশাক কারখানার কাপড় নিয়ে বিএম কন্টেইনার ডিপোতে পৌঁছান তিনি। সিরিয়াল না পাওয়ায় অপেক্ষায় ছিলেন।
তিনি বলেন, “রাত সাড়ে ১০টার দিকে মার সঙ্গে মোবাইলে কথা বলে গাড়ি থেকে নেমেছিলাম ভাত খেতে। আগুন দেখে দাঁড়িয়েছিলাম। ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ হয়।”
ঘটনার এক সপ্তাহ পরেও যখন মারুফ বলছিলেন, তখন তার চোখে-মুখে ফুটে উঠেছিল আতঙ্ক। বারবার চোখ বন্ধ করে ফেলছিলেন সেদিনের কথা বলতে গিয়ে।
“বিস্ফোরণের পর দেখলাম, আমার ডান হাতের আঙ্গুল নেই, হাতটি অল্প করে আটকে আছে। বাম হাত দিয়ে ডান হাতটি ধরে যখন ডিপো থেকে বের হচ্ছিলাম, তখন অসহ্য যন্ত্রণা, চোখ জ্বালা করছিল। কিছুই দেখতে পারছিলাম না।”
মারুফ জানান, রাস্তায় বের হয়ে তিনি ফায়ার সার্ভিসের একটি গাড়ি দেখতে পেয়েছিলেন। সেখানে থাকা এক কর্মী তাকেসহ আরও সাত-আট জনকে একটি মাইক্রোবাসে তুলে দেন।
“আমাদের গায়ে থাকা গ্যাসের কারণে গাড়িতে আগুন লেগে যাচ্ছিল। যার কারণে কালুশাহ বাইপাস এলাকায় আসার পর মাইক্রেবাসটির চালক আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেয়। কিছুক্ষণ রাস্তায় বসে থাকার পর পুলিশ এসে আমাদের একটি অ্যাম্বুলেন্সে তুলে দেয়,” বলেন মারুফ।
গলার স্বরে স্বজনের খোঁজ
চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত মারুফের ছোট বোনের স্বামী রুবেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অ্যাম্বুলেন্সের চালকের মাধ্যমে মারুফ তার বাবা শাহাবউদ্দিনকে দুর্ঘটনার বিষয়টি জানিয়েছিলেন।
“আমার শ্বশুর ঘটনা শুনে হাসপাতালে এসে বিভিন্ন স্থানে খুঁজেও মারুফ ভাইকে না পেয়ে আমাকে ফোন করে। আমি এসে শ্বশুরকে সঙ্গে নিয়ে যেসব ওয়ার্ডে দুর্ঘটনাস্থল থেকে আসা আহতদের ভর্তি করানো হচ্ছিল, সেসব স্থানে খুঁজছিলাম। কোথাও না পেয়ে গিয়েছিলাম অপারেশন থিয়েটারের সামনে।
“সেখানে পরিচিত এক চিকিৎসককে দেখে মারুফের নাম বলেছিলাম। তিনি পরামর্শ দিয়েছেন মেঝেতে রাখা রোগীদের মধ্যে দেখতে। গায়ে মুখে রক্ত, কালো দাগ থাকায় চেনা যাচ্ছিল না মারুফকে। হঠাৎ কাতরানোর শব্দ শুনে আমি জানতে চাইলাম- মারুফ ভাই? তখন সে বলে উঠল- ‘রুবেল ভাই, আমি মারুফ’।”
হাসপাতালের ওয়ার্ডে মারুফের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন তার শয্যার সামনে দাঁড়িয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে সন্তানের দিকে তাকিয়ে ছিলেন তার মা মারজান বেগম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন ছেলে, পাঁচ মেয়ের সংসারে সবার বড় মারুফ। বাবাকে সহায়তা করতে সে আমার ভাইয়ের সঙ্গে কাভার্ড ভ্যানের ড্রাইভারি শিখতে গেছিল। আগে আমার ভাইয়ের লগে থাকলেও কয়েক বছর আগে থেকে সে গাড়ি চালান শুরু করছে।
“ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে আমি ভাত খেয়ে শুইতে গেছি, তখন মারুফ ফোন দিছিল। আমি তারে জিগাইলাম, বাবা ভাত খাইছ কি না, খায়নি বলায় তারে বলছিলাম ফোন কেটে ভাত খেয়ে নিতে। এরপর সে গাড়ি থেকে নেমে ভাত খেতে যাচ্ছিল। মারুফ আমারে কইছে আমি যদি আর এক মিনিট কথা কইতাম সে গাড়ি থেকে নামত না। এ দুর্ঘটনায় পড়ত না সে।”
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বেসরকারি ওই কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। ডিপোতে থাকা রাসায়নিকের কারণে ছড়িয়ে পড়া ওই আগুন ৮৬ ঘণ্টা পর বিভিন্ন বাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
ভয়াবহ ওই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রথমে ৪১ জনের মরদেহ উদ্ধার করে বিভিন্ন সংস্থা। ৭ জুন দুর্ঘটনাস্থল থেকে আরও দুইজনের দেহাবশেষ উদ্ধার করা হয়।
পরদিন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একজন। সেদিন সন্ধ্যায় ডিপোর ভেতরে আরও দুইজনের দেহাবশেষ পাওয়া যায়।
সর্বশেষ রোববার (আজ) ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান ফায়ার সার্ভিস কর্মী গাউসুল আজম। আর দুপুরে চট্টগ্রামের বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে মারা যান কন্টেইনার ডিপোর আরেক কর্মী নুরুল কাদের।
স্মরণকালের এ ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিষ্ফোরণে এখনও অনেকেই চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের অধিকাংশই ডিপো শ্রমিক, কর্মকর্তা, কর্মচারি, ফায়ার সার্ভিস কর্মী, বিভিন্ন ট্রাক কভার্ড ভ্যানের চালক, হেলপার এবং পুলিশ সদস্য।
