২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডের ডিপো থেকে আরও দেহাবশেষ উদ্ধার

অগ্নিকাণ্ডের চার দিন পর সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপো থেকে আরও ‘দুইজনের’ দেহাবশেষ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2022, 09:09 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর বুধবার সন্ধ্যায় ডিপোর ভেতর থেকে দেহাবশেষ উদ্ধারের পর সেগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগেরদিন যেখানে দুইজনের দেহের বিভিন্ন অংশ পাওয়া গিয়েছিল, তার থেকে ভিন্ন জায়গায় নতুন দেহাবশেষ পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে, এ দুই দেহাবশেষ ভিন্ন ভিন্ন মানুষের।”

তিনি বলেন, “ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধারের পর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।”

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে শনিবার রাতে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনায় প্রথমে ৪১ জনের মরদেহ উদ্ধার করে বিভিন্ন সংস্থা। মঙ্গলবার দুর্ঘটনাস্থল থেকে আরও দুইজনের দেহাবশেষ উদ্ধার করা হয়।

বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একজন। এরপর সন্ধ্যায় ডিপোর ভেতরে আরও দুইজনের দেহাবশেষ উদ্ধার করা হল।