চবি ডিন নির্বাচনে ৪ অনুষদে হলুদ দলের জয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডিন নির্বাচনে আটটি অনুষদের চারটিতে আওয়ামী লীগ ও বামপন্থি শিক্ষকদের সমর্থিত হলুদ দল জয় পেয়েছে।
বুধবার সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান আগামী দুই বছরের জন্য নির্বাচনের ফল ঘোষণা করেন।
তিনি জানান, আট অনুষদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ তথা হলুদ দলের প্রার্থীরা চারটিতে জয় পেয়েছেন।
বাকি তিনটিতে হলুদ দলের বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং একটিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন।
সমাজবিজ্ঞান অনুষদে হলুদ দলের প্রার্থী লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হলুদ দলের বিদ্রোহী প্রার্থী নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রহমান নাসির উদ্দীন পেয়েছেন ৪৮ ভোট।
ইঞ্জিনিয়ারিং অনুষদে হলুদ দলের প্রার্থী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাশেদ মোস্তফা পেয়েছেন ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলুদ দলের বিদ্রোহী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী তানভীর আহাম্মদ রনি পেয়েছেন ১৫ ভোট।
ব্যবসায় প্রশাসন অনুষদে হলুদ দলের প্রার্থী একাউন্টিং বিভাগের অধ্যাপক মো. হেলাল উদ্দীন নিজামী ৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রার্থী মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী পেয়েছেন ২৭ ভোট।
জীববিজ্ঞান অনুষদে হলুদ দলের প্রার্থী মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদ হোসেন পেয়েছেন ৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলুদ দলের বিদ্রোহী মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর পেয়েছেন ৪৯ ভোট।
কলা ও মানববিদ্যা অনুষদে হলুদ দলের বিদ্রোহী প্রার্থী ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক ১০০ ভোট পেয়ে ডিন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলুদ দলের প্রার্থী ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য পেয়েছেন ৭৬ ভোট।
বিজ্ঞান অনুষদে হলুদ দলের বিদ্রোহী প্রার্থী পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. নাসিম হাসান ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ৩৪ ভোট।
আইন অনুষদে হলুদ দলের বিদ্রোহী প্রার্থী অধ্যাপক আব্দুল্লাহ আল ফারুক ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদে বিএনপিপন্থী জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রার্থী ড. মো. শফিকুল ইসলাম ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ-উন-নবী পেয়েছেন ১০ ভোট।
