চবির প্রধান ফটক আটকে ছাত্রলীগের পিটুনির প্রতিবাদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীদের হাতে আইন বিভাগের এক শিক্ষার্থীর মারধরের শিকার হওয়ার ঘটনায় বিক্ষোভ দেখিয়েছেন তার সহপাঠীরা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মূল ফটকে তালা দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়ে প্রধান ফটক খুলে দেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, রোববার তাদের সহপাঠী আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কফিল উদ্দিন সামিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে মারধর করেন ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিক্সটি নাইনের অনুসারীরা।
ওই ঘটনার বিচার দাবিতে আইন বিভাগের শিক্ষার্থীরা মূল ফটকে তালা দেয় বলে প্রতিবাদকারীরা জানান।
শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ সিক্সটি নাইন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
এ বিষয়ে জানতে চাইলে ইকবাল হোসেন টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারও ব্যক্তিগত অপকর্মের দায় ছাত্রলীগ নেবে না। কেউ যদি অভিযোগ করে, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল আইন বিভাগের এক শিক্ষার্থীকের মারধরের অভিযোগে কিছু শিক্ষার্থী মূল ফটক অবরোধ করেছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"
