কুতবদিয়ায় জাল নোট ও সরঞ্জামসহ চারজন গ্রেপ্তার
কক্সবাজারের কুতুবদিয়া থেকে জালনোট তৈরি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
কুতুবদিয়া উপজেলা সদরে রোববার রাতে একটি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার জাল নোট ও তৈরির সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সাইফুদ্দিন আহাম্মেদ ওরফে মিজান (২৫), সাইফুল ইসলাম (২৪), মিসবাহ উদ্দিন (৩২) ও তার ছোট ভাই জিয়া উদ্দিন (২০)। তাদের সবার বাড়ি কুতুবদিয়া উপজেলায়।
র্যাবের ভাষ্য, এ চক্রের সদস্যরা জাল নোট ব্যাবহার করে মিয়ানমার থেকে ‘অস্ত্র ও মাদক’ কিনত। পাশাপাশি রোজা ও ঈদ সামনে রেখে চক্রটি জালনোট তৈরি করছিল।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি চক্র প্রত্যন্ত অঞ্চলে জাল নোট তৈরি করে বিভিন্ন স্থানে ছড়িয়ে দিচ্ছে- এমন খবর পেয়ে র্যাব ছায়াতদন্ত শুরু করে।
র্যাবের কর্মকর্তা আবসার বলেন, গ্রেপ্তার সাইফুদ্দিন এ চক্রের হোতা, আর সাইফুল প্রস্তুতকারক। মিসবাহ বিভিন্ন স্থানে জাল নোট সরবরাহ করে। আর তার ছোট ভাই দোকানে কাজ করার সময় বাইরে পাহারায় থাকতেন।
