হরতালের সমর্থনে চট্টগ্রামে বাম জোটের মশাল মিছিল
দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদ এবং বাজারে ‘সিন্ডিকেট’ ভাঙার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা সোমবারের আধাবেলা হরতালের সমর্থনে চট্টগ্রামে মশাল মিছিল ও সমাবেশ হয়েছে।
রোববার সন্ধ্যায় নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে সমাবেশ শেষে বিভিন্ন সড়কে মশাল মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।
দেশব্যাপী হরতালের স্টেশন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক অশোক সাহা বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে মানুষ আজ দিশাহারা। সিন্ডিকেট চক্র দেশ চালাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে সাধারণ মানুষের জন্য বামজোট সারাদেশে হরতাল ডেকেছে।”
হরতাল সফল করতে চট্টগ্রামবাসীর প্রতি আহবান জানান তিনি।
সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই লাল দাশ, গণসংগহতি আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি, বাসদ নেতা মইন উদ্দিন, বাসদনেতা (মার্কসবাদী) শফিউদ্দিন কবির আবিদ।
সমাবেশ শেষে একটি মশাল মিছিল নগরীর পুরাতন রেল স্টেশন থেকে শুরু হয়ে কোতয়ালি মোড়, লালদীঘি পাড়, সিনেমা প্যালেস, আন্দরকিল্লা-চেরাগী পাহাড় মোড় হয়ে জামালখানে গিয়ে শেষ হয়।
