সীতাকুণ্ডে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ, এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক আছেন।
নিহত গৃহবধূ আমেনা খাতুন (২৩) তার স্বামী রাসেলের সঙ্গে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া কুট্টবাজার এম এম জুট মিল সংলগ্ন কলোনিতে একটি ভাড়া বাসায় থাকতেন, তাদের দুবছর বয়সী একটি ছেলে আছে। ১৫/২০ দিন আগে তারা এই বাসায় ভাড়া এসেছে।
আমেনা সন্দীপের মো. জামালের মেয়ে, আর পেশায় রাসলের বাড়ি জামালপুরে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, শনিবার ভোর পাঁচটার দিকে স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে ঘরের ভেতর থেকে আমেনা খাতুনের লাশ উদ্ধার করেছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানিয়েছেন, এই দম্পতির দুই বছর বয়সী ছেলের কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা ঘরের বেড়ায় ধাক্কাধাক্কি করে। কিন্ত কোনো সাড়াশব্দ না পেয়ে তারা ওই ঘরে ঢুকে দেখে মেঝেতে আমেনা খাতুনের লাশ পরে আছে।
এর পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে জানিয়ে থানার পরিদর্শক বলেন, "নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই, গলায় ও মুখে কিছু চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করছি বালিশ চাপায় শ্বাসরোধে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
"ঘটনার পর থেকে রাসেল পলাতক, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।"
পরিবারের সদস্যদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, বিয়ের আগে আমেনার পরিবার সীতাকুণ্ডের বাঁশবাড়িয়াতেই থাকত, সেখানেই রাসেলের সঙ্গে তার পরিচয়। একে অন্যেকে ভালোবেসে পরিবারের অমতে চার বছর আগে বিয়ে করেছিল আমেনা ও রাসেল।
ওই বিয়ের পর আমেনার বাবা মা জামালপুরে চলেও যান।
মেয়ের মরদেহ উদ্ধারের খবর পেয়ে আমেনার বাবা মা বাঁশবাড়িয়ায় এলে পুলিশ শিশুটিকে তাদের জিম্মায় দিয়েছে।
ময়নাতদন্তের জন্য আমেনার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
