২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহাসিক সত্য গোপন করা যায় না: মেয়র রেজাউল

সঠিক ইতিহাস জেনে নতুন প্রজন্মকে সোনার বাংলা বিনির্মাণে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 08:30 PM

Updated : 02 Aug 2022, 03:12 PM

শুক্রবার বন্দরনগরীর চৈতন্য গলি নগর বাইশ মহল্লা কমিটির কবরস্থানে এম এ হান্নানের সমাধিতে ফলক উন্মোচন ও শ্রদ্ধা নিবেদনের সময় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “কোনো এক মেজরের কণ্ঠে নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তৎকালীন চট্টগ্রাম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা এম এ হান্নান প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন কালুঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে।

“ইতিহাস বিকৃতি করে যারা স্বাধীনতার প্রথম ঘোষণা পাঠকারী হিসেবে দাবি করেন, তাদের সম্পর্কে নতুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরার সময় এসেছে। ইতিহাসের সত্য কেউ গোপন করতে পারে না, কারণ ইতিহাস তার সঠিক নিয়মেই চলে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে অবগত হয়েই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রস্তুত হতে হবে।”

১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেছিলেন সে সময়ের চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান। বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম এ হান্নান ১৯৭৪ সালের ১২ জুন মারা যান। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০১৩ সালে তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল বলেন, “৭৫ এর ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে, একটি দল মিথ্যা ইতিহাস প্রতিষ্ঠায় লিপ্ত। তারা নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানা থেকে দূরে রেখে ছিল।

“বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা সরকার প্রতিষ্ঠা করে নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস থেকে জ্ঞান অর্জন করার দ্বার উম্মোচন করেন। এরই ধারাবাহিকতা বজায় রেখে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে পরিণত হতে পারে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।”

অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, এ কে এম সরোয়ার কামাল, বাইশ মহল্লা কমিটির মো. ইউসুফ সর্দার, এস এম শওকত হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, আবদুস সালাম মাসুম, মো. ইসমাইল, নিছার উদ্দিন আহমদ মঞ্জু, ওয়াসিম উদ্দিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।