২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবজির দামে ‘স্বস্তি’ চট্টগ্রামবাসীর

শীতকালীন সবজি শেষ না হতেই বাজারে গ্রীষ্মের নতুন সবজি আসার পাশাপাশি পর্যাপ্ত সরবরাহের কারণে ‘কিছুটা স্বস্তিতে’ আছেন চট্টগ্রামের বাসিন্দারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 07:16 PM

Updated : 02 Aug 2022, 03:12 PM

শুক্রবার চট্টগ্রামে সবজির সবচেয়ে বড় বাজার রেয়াজউদ্দিন বাজারে গিয়ে দোকানি এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই সপ্তাহ ধরে সব সবজির দাম স্থিতিশীল রয়েছে।

এদিন প্রতি কেজি আলু বিক্রি হয় ১৬-১৭ টাকায়,একসঙ্গে সাত কেজি বিক্রি হয় ১০০ টাকায়। বেগুন প্রতি কেজি ২০-২৫ টাকা, টমেটো ২০-২৫ টাকায়, মরিচ ৪০ টাকা এবং শসা বিক্রি হয়েছে ৩০-৪০ টাকায়।

এছাড়া বাঁধাকপি ২৫ টাকা ও ফুলকপি মিলেছে ৩৫ টাকায়। শিম ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে কিনতে পেরেছেন ক্রেতারা।

তবে পাইকারি এ বাজারের বাইরে এসে বিভিন্ন অলিগলির বাজারে আলু ছাড়া অন্যান্য সবজি প্রতি কেজি পাঁচ থেকে সাত টাকা বেশি দরে বিক্রি হতে দেখা যায়।

এ বাজারের সবজি বিক্রেতা খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশকিছু দিন ধরে সবজির দাম স্বাভাবিক রয়েছে। বরং বেগুনসহ কয়েকটি সবজির দাম কমেছে।”

বাজারে উঠতে শুরু করা গ্রীষ্মকালীন নতুন সবজির দামও ধীরে ধীরে কমে আসছে বলে জানান ব্যবসায়ীরা।

নতুন সবজির মধ্যে দিন দশেক আগে ১০০-১১০ টাকা দরে বিক্রি হওয়া বরবটি, ঢেঁড়শ এবং করলা শুক্রবার বিক্রি হয় ৭০-৮০ টাকায়, ঝিঙ্গা ৮০টাকা। সজনে ১১০-১২০ টাকা এবং পটল ৬০ টাকা দরে।

রেয়াজউদ্দিন বাজারের ক্রেতা সুব্রত কান্তি নাথ বলেন, “গত এক সপ্তাহ ধরে সবজির দাম কিছুটা স্বাভাবিক আছে। বরং কিছু সবজির সরবরাহ বাড়ায় দামও কমতির দিকে।”

তবে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “রোজা কেন্দ্র করে প্রতি বছর দাম বাড়িয়ে দেওয়ার প্রবণতা দেখা যায় ব্যবসায়ীদের মধ্যে। বিশেষ করে বেগুন, মরিচ, শসা এসব সবজির দাম আকাশচুম্বী হয়ে যায়।

“আমাদের আশা থাকবে রমজানকে কেন্দ্র করে এসব সবজির দাম যেন বাড়াতে না পারে, সে বিষয়ে প্রশাসন সজাগ থাকবে।”

চট্টগ্রামের বাজারে চিনি এবং ছোলা আগের দামেই বিক্রি হয়েছে। চিনি প্রতি কেজি ৭৬-৭৮ টাকায়, আর ছোলা বিক্রি হচ্ছে মান ভেদে ৭২-৭৫ টাকায়। বড় মসুর ডাল ৯৫ টাকা এবং ছোট মসুর ১২৫ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যান্য ডালের দামেও কোনা হেরফের হয়নি।

সয়াবিন তেল প্রতি লিটারের বোতল বিক্রি হচ্ছে ১৬০ টাকায় আর পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৭৮০ টাকায়। রান্নায় অতি প্রয়োজনীয় পেঁয়াজ ৩৫-৪০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।