২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের ‘যৌক্তিকতা দেখছেন না’ স্বরাষ্ট্রমন্ত্রী

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ বাম জোটের ডাকা হরতালের ‘যৌক্তিকতা দেখছেন না’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2022, 06:48 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসে ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত অস্ত্রাগার সংরক্ষণ করে গড়ে তোলা জাদুঘরের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের এ মতামত প্রকাশ করেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, “বাংলাদেশ আমদানিনির্ভর দেশ। তেলসহ বিভিন্ন কিছু আমদানি করতে হয়। রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে পরিবহন ব্যয় অসম্ভব বেড়ে গেছে। স্বাভাবিকভাবে এর প্রভাব পড়ছে বাজারে।

“দাম সহনীয় রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে ভ্যাট, ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে। টিসিবির মাধ্যমে সবার কাছে পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। তেল-পেয়াঁজের দাম নিম্নমুখী।”

নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারের চেষ্টার কমতি নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের প্রচেষ্টার কোনো অভাব নেই। তারপরও যদি কেউ হরতাল ডাকে, আমাদের কিছু করার নেই। আমাদের আবেদন থাকবে- তারা যেন ধ্বংসাত্মক কিছু না করে। জনদুর্ভোগ সৃষ্টি এবং জানমালের ক্ষতি না করে।”

ভোজ্যতেল, চাল-ডাল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

একই দিনে আলাদাভাবে হরতাল ডেকেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, যিনি বিএনপিপন্থি পেশাজীবী নেতা হিসেবে পরিচিত।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: ২৮ মার্চ হরতালের ডাক বাম জোটের  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “হরতাল রাজনৈতিক চর্চা, যে কোনো রাজনৈতিক দল এটা করতে পারে। কেউ যদি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, ভাঙচুর ও ধ্বংসাত্মক কিছু করে, তাহলে নিরাপত্তা বাহিনী অবশ্যই তাদের ভূমিকা রাখবে।”

হরতালে রাজনৈতিক দলগুলো ‘সহনশীলতার পরিচয় দেবে’ আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, “ভাঙচুরসহ ধ্বংসাত্মক কিছু করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করবেন না।”