সৌদিতে কোয়ারেন্টিনের খরচ পাচ্ছে ২০৩৩ প্রবাসীর পরিবার
মহামারীতে সৌদি আরবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকা চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলার দুই হাজার সৌদি প্রবাসীর পরিবারকে ভুর্তকির টাকা দিচ্ছে সরকার।
চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের (বিএমইটি) উপ-পরিচালক জহিরুল আলম মজুমদার জানান, সোমবার দুই হাজার ৩৩ পরিবারকে ২৫ হাজার টাকা করে ভুর্তকির চেক দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায়’ সৌদি প্রবাসীদের পরিবারের সদস্যদের মাঝে মোট পাঁচ কোটি আট লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হবে।
মহামারীর মধ্যে সৌদি সরকার সে দেশে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়ম চালু করেছিল। সৌদি আরবে পৌঁছানোর পর নিজ খরচে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হয়েছে সে সময়। তাদের আবেদনে সরকার জনপ্রতি ২৫ হাজার টাকা করে ভুর্তকি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বিএমইটি উপ-পরিচালক জহিরুল বলেন, চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি থেকে দুই হাজার ৩৩ জনকে ওই সময় সৌদি আরবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হয়েছে।
“প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মুশাররাত জেবীনের নেতৃত্বাধীন নয় সদস্যের প্রতিনিধি দল চট্টগ্রামে আসছেন। তারাই সৌদি প্রবাসী পরিবারের সদস্যদের হাতে এ চেক তুলে দেবেন।”
উপ-পরিচালক জহিরুল জানান, ইতোমধ্যে ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড থেকে প্রবাসীদের পরিবারের সদস্যদের এসএমএস পাঠানো হয়েছে। জাতীয় পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্টের চেকের পাতার কপি সঙ্গে এনে প্রবাসী কর্মীর বাবা, মা, স্ত্রী, সন্তান, ভাই, বোন ভুর্তকির চেক নিতে পারবেন।
যারা সোমবার অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না তারা বরাদ্দ হওয়া ভুর্তকির চেক পরে বিএমইটি কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন।
এদিকে অনুষ্ঠানে প্রবাসীদের ১২১ জন সন্তানকে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হবে বলেও জানান জহিরুল।
“প্রতিজন শিক্ষার্থী ২৭ হাজার ৫০০ টাকা করে মোট ৩৩ লাখ ২৭ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হবে।”
