২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেলের জমিতে থাকা ৮৩৭টি স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম মহানগরীর তুলাতলী এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা ৮৩৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 08:18 PM

Updated : 28 Apr 2022, 11:53 PM

রোববার নগরীর গোয়ালপাড়া সংলগ্ন তুলাতলী এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে পূর্ব রেলের পৌনে দুই একর জমি পুনরুদ্ধার করা হয়।

পূর্ব রেলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তুলাতলী এলাকায় রেলওয়ের জমিতে দীর্ঘদিন ধরে বসতি তুলে লোকজন অবৈধভঅবে বসবাস করে আসছিল। দিনভর অভিযান চালিয়ে সেখানে অবৈধভাবে গড়ে ওঠা পাকা, সেমিপাকা, টিনশেড ও ঝুপড়ি মিলিয়ে ৮৩৭টি ঘর উচ্ছেদ করা হয়েছে।”

ওইসব অবৈধ বসতিতে তিন হাজারের মতো লোক বসবাস করত। উদ্ধার করা জমির পরিমাণ প্রায় এক দশমিক ৭৭ একর।

রেলওয়ের সম্পদ উদ্ধারে ওই এলাকায় সোমবারও অভিযান চলবে বলে জানান সুজন চৌধুরী।

অভিযানকালে পূর্ব রেলের ডিআরএম আবুল কালাম আজাদ, বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তাসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে মহানগর পুলিশ, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।