শিকলবাহা খালে একদিন বাদে আরেকটি লাশ উদ্ধার
চট্টগ্রামের শিকলবাহা খালে এক দিনের ব্যবধানে অজ্ঞাত পরিচয়ের আরও এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শনিবার বিকালে শিকলবাহা খালে ৩৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার হয়েছিল। রোববার কয়েক কিলোমিটারের ব্যবধানে অন্যজনের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে কালারপুল ব্রিজের দক্ষিণ পাশে শিকলবাহা খাল থেকে লাশ উদ্ধারের কথা জানান নৌপুলিশের সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালারপুল ব্রিজের দক্ষিণ পাশে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। তাদের কাছ থেকে খবর পেয়ে নৌ পুলিশ গিয়ে উদ্ধার করে।
আনুমানিক ৪০ বছর বয়সী মৃত ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও খয়েরি রঙের ফুলহাতা শার্ট। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানায় পুলিশ।
পুলিশ সুপার মোমিনুল বলেন, "লাশের সুরতহালে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কয়েকদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।"
পরিচয় শনাক্তে মৃত ব্যক্তির আঙুলের ছাপসহ বিভিন্ন নমুনা সংগ্রহের জন্য সিআইডি ও পিবিআই’কে খবর দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মোমিনুল।
তিনি বলেন, “এক দিনের ব্যবধানে দুই লাশ উদ্ধারের বিষয়টি আমাদের ভাবাচ্ছে। কীভাবে কোন জায়গায় তাদের মৃত্যু হয়েছে, সেটি আমারা খতিয়ে দেখছি।”
শনিবার উদ্ধার করা লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।
“২৪ ঘণ্টা পরেও আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি। লাশটির শরীরের বিভিন্ন নমুনা সংগ্রহ করে আমরা সিআইডি’র ফরেনসিক ল্যাবে পাঠিয়েছি,” বলেন মোমিনুল।
শনিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ক্লিংকারবোঝাই লাইটার জাহাজ ডুবির ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছে।
পুলিশ জানায়, রোববার লাশ উদ্ধারের পর তারা লাইটারেজ কর্তৃপক্ষকে খবর দেয়। তবে তারা এসে জানিয়েছে, এই লাশ তাদের নিখোঁজ কোনো ব্যক্তির নয়।
