চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি: এখনও নিখোঁজ ৫ নাবিক
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকারবোঝাই লাইটার জাহাজ ডুবির ঘটনায় এখনও পাঁচ নাবিকের খোঁজ মেলেনি।
শনিবার সন্ধ্যা পর্যন্ত জাহাজে থাকা ১৩ নাবিক ও ক্রুর মধ্যে আটজনকে উদ্ধারের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।
ডুবে যাওয়া এমভি টিটু-১৪ জাহাজটির নাবিকদের উদ্ধারে অভিযান চলমান আছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার আবদুর রহমান।
শুক্রবার রাত সাতে ৩টার দিকে আবুল খায়ের গ্রুপের এ লাইটার জাহাজ আরেকটি নোঙর করা অবস্থায় আরেকটি লাইটার জাহাজের ধাক্কায় ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অন্য একটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কার পর এমভি টিটু-১৪ ডুবতে শুরু করে।
শনিবার সকালে বন্দর সচিব ওমর ফরুক জানিয়েছিলেন, জাহাজটিতে থাকা ১৩ জন নাবিকের মধ্যে ৬ জনকে উদ্ধার করা হয়।
পরে আরও দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সন্ধ্যায় জানান তিনি।
কোস্টগার্ড ও বন্দরের পাইলট বোট নিয়ে অন্যদের উদ্ধারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, “এখনও জাহাজটির পাঁচজন নাবিক ও ক্রু নিখোঁজ আছেন। উদ্ধার অভিযান চলছে।”
জাহাজটি সিমেন্টের ক্লিংকার বোঝাইয়ের পর গন্তব্যে যাওয়ার আগে আলফা অ্যাংকরেজে (বে টার্মিনালের জন্য নির্ধারিত অংশে) অপেক্ষা করছিল।
